২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তথ্য গোপন: সাবেক সাংসদ গিয়াসউদ্দিনকে গ্রেপ্তার ও জেলে পাঠানোর নির্দেশ

জামিন স্থগিতের আপিল বিভাগের আদেশ গোপন করে কারাগার থেকে বের হওয়ায় বিএনপির সাবেক সাংসদ গিয়াসউদ্দিন আহমেদকে অবিলম্বে গ্রেপ্তার ও জেলহাজতে পাঠানোর ব্যবস্থা করতে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজকে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2009, 01:51 PM

Updated : 26 Aug 2022, 11:11 AM

ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--জামিন স্থগিতের আপিল বিভাগের আদেশ গোপন করে কারাগার থেকে বের হওয়ায় বিএনপির সাবেক সাংসদ গিয়াসউদ্দিন আহমেদকে অবিলম্বে গ্রেপ্তার ও জেলহাজতে পাঠানোর ব্যবস্থা করতে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজকে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। রোববার প্রধান বিচারপতি এমএম রুহুল আমিনের সভাপতিত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এই আদেশ দেয়। চাঁদাবাজির মামলায় গিয়াসউদ্দিনকে গত বছর ৯ নভেম্বর তিন মাসের জামিন দেয় হাইকোর্ট। এই জামিন স্থগিতের জন্য সরকার আপিল বিভাগে আবেদন করে। গত বছর ১৬ নভেম্বর আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত গিয়াসউদ্দিনের জামিনের হাইকোর্টের আদেশ স্থগিত করে দেয়। তখন সরকারকে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নিয়মিত লিভ টু আপিল দায়ের করতে নির্দেশও দেওয়া হয়। জামিন স্থগিত থাকা সত্ত্বেও গিয়াসউদ্দিন নিু আদালত ও কারা কর্তৃপক্ষকে 'ভুল বুঝিয়ে' গত ১৮ ফেব্র"য়ারি কাশিমপুর কারাগার থেকে বের হয়ে আসেন এ অভিযোগ এনে সরকার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আপিল বিভাগে আবেদন জানায়। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকার নিয়মিত লিভ টু আপিল আবেদনও দায়ের করে। অন্যদিকে জামিন স্থগিতের চেম্বার বিচারপতির আদেশ বাতিলের জন্য গিয়াসউদ্দিনও আপিল বিভাগে একটি আবেদন দায়ের করেন। তার এই আবেদন খারিজ করে দেন আদালত। সরকারের আবেদন দুটি নিষ্পত্তি করে আপিল বিভাগ গিয়াসউদ্দিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। সরকারের পক্ষে শুনানিতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম. ইনায়েতুর রহিম বলেন, আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতের স্থগিতাদেশ বহাল থাকা সত্ত্বেও আসামী নিু আদালতে জামিননামা দাখিল করেছেন। কারা কর্তৃপক্ষকে বিভ্রান্ত করে তিনি কারাগার থেকে বের হয়েছেন। আইনের চোখে গিয়াসউদ্দিন পলাতক। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল তাকে গ্রেপ্তারের জন্য নির্দেশ চান। অন্যদিকে জামিন স্থগিতের আদেশ বাতিলের জন্য গিয়াসউদ্দিনের আবেদনের ওপর শুনানি করেন অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার। ২০০৭ সালের ১০ এপ্রিল নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানায় চুন ব্যবসায়ী আবু তালেব গিয়াসউদ্দিনের বিরুদ্ধে এ চাঁদাবাজির মামলাটি দায়ের করেন। মামলায় গিয়াসউদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন সময় ১৪ কোটি ১৫ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ আনা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৯৫১ঘ.