ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেড়ে দেওয়া বাগেরহাট-১ আসনে তার চাচাতো ভাই আওয়ামী লীগ প্রার্থী শেখ হেলালউদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
নির্বাচন কমিশনের উপসচিব মিহির সারওয়ার মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, ১৭ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।
তিনি আরও জানান, গত ৯ মার্চ বাগেরহাট-১ আসনে শেখ হেলালউদ্দিনসহ তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। ১১ মার্চ বাছাইয়ে শেখ হেলাল ছাড়া স্বতন্ত্র প্রার্থী এস এম ওবায়দুর রহমান ও বিএনপির প্রার্থী এম রহমান সজলের মনোনয়নপত্র বাতিল হয়। এর বিরুদ্ধে আপিলের সুযোগ থাকলেও শেষ দিন শনিবার বিকাল ৫টা পর্যন্ত কেউই আপিল করেননি। ফলে এ আসনের একমাত্র প্রার্থী শেখ হেলালউদ্দিন।
কমিশনের আপিল বিভাগের কর্মকর্তা নাজমুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে শুধু রংপুর-৬ আসনে তিনজন প্রার্থী আপিল করেছেন। বাগেরহাটে কোন আপিল জমা পড়েনি।
হেলালের বাবা শেখ নাসের রহমান ১৯৭৫ এর ১৫ আগস্ট ধানমণ্ডির ৩২ নম্বরে বড়ভাই বঙ্গবন্ধু পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নিহত হন।
এদিকে, মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে শনিবার শেষ দিনে কমিশনে রংপুর-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী মোতাহারুল হক বাবলু, নূর আলম মিয়া ও হায়দার রহমান মিয়া আপিল করেছেন।
গত ১১ মার্চ ৭টি সংসদীয় আসনে উপনির্বাচনে ১০জন প্রার্থীর মনোনয়নপত্র বিভিন্ন কারণে বাতিল হয়।
২ এপ্রিল রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলের নেতা খালেদা জিয়া, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের ছেড়ে দেওয়া মোট ৭টি সংসদীয় আসনে উপনির্বাচনের তারিখ রয়েছে।
এগুলো হলো- শেখ হাসিনার ছেড়ে দেওয়ার বাগেরহাট-১ ও রংপুর ৬ আসন, খালেদা জিয়ার ছেড়ে দেওয়া বগুড়া-৬ ও ৭ আসন, এইচ এম এরশাদের ছেড়ে দেওয়া রংপুর-৩ ও কুড়িগ্রাম-২ আসন এবং মো.জিল্লুর রহমানের কিশোরগঞ্জ-৬ আসন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএম/এএল/জিএনএ/১৭১২ ঘ.
bdnews24