ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির মামলায় সাবেক প্রধান বন সংরক্ষক ওসমান গনিকে দেওয়া হাইকোর্টের জামিন আদেশ তার আপিল শুনানি না হওয়ার সময় পর্যন্ত স্থগিত করেছে আপিল বিভাগ।
ওসমান গনি হাইকোর্টের জামিন আদেশের ওপর দেওয়া এক মাসের স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদন করলে প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেয়।
সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৭ ফেব্র"য়ারি আপিল বিভাগের চেম্বার বিচারপতি ব্যাপক দুর্নীতির জন্য 'বনের রাজা' হিসেবে কুখ্যাতি পাওয়া এ কর্মকর্তার হাইকোর্টের জামিন আদেশ এক মাসের জন্য স্থগিত করেন।
ওসমান গনির পক্ষে হাইকোর্টে ওই আবেদনটি করেন মওদুদ আহমেদ। সরকার পক্ষের আইনজীবী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম এনায়েতুর রহিম এর বিরোধিতা করেন।
১৫ ফেব্র"য়ারি হাইকোর্ট তার চার মাসের জামিন মঞ্জুর করে।
গত বছরের ৫ জুন একটি বিশেষ আদালত ওসমান গনিকে অবৈধভাবে সম্পদ অর্জন এবং দুর্নীতি দমন কমিশনে (দুদক) দাখিল করা হিসাবে সম্পদের সঠিক তথ্য গোপন করার অভিযোগে ১৩ বছরের কারাদণ্ড দেয়।
এছাড়াও ১০ লাখ টাকা জরিমানাসহ তার ১ কোটি ৮০ লাখ টাকার সম্পদ এবং তার স্ত্রীর ২ কোটি ৮০ লাখ টাকার সম্পদ এবং ২৭০ তোলা স্বর্ণের গহনা বাজেয়াপ্ত করার আদেশ দেয় আদালত।
২০০৭ সালের ২৯ মে ওসমানকে তার উত্তরার বাসা থেকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। তখন তার বাড়ির চালের ড্রাম ও জাজিমের নিচে লুকিয়ে রাখা নগদ এক কোটি টাকা উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এসকে/২১৩১ঘ.
bdnews24