২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০০ নারী আসনে সরাসরি নির্বাচন হবে: আশরাফ

মহিলাদের জন্য সংরক্ষিত আসনে বণ্টনভিত্তিক নির্বাচন এইবারই শেষ। শাসক দল আওয়ামী লীগের মুখপাত্র স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বৃহস্পতিবার বলেছেন, "এভাবে আর সংরক্ষিত নারী আসনে নির্বাচন হবে না। এর পরে ১০০টি নারী আসনে সরাসরি নির্বাচন হবে। এবং এ জন্য যথাসময়ে সংবিধানও সংশোধন করা হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2009, 10:24 AM

Updated : 26 Aug 2022, 11:10 AM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহিলাদের জন্য সংরক্ষিত আসনে বণ্টনভিত্তিক নির্বাচন এইবারই শেষ। শাসক দল আওয়ামী লীগের মুখপাত্র স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বৃহস্পতিবার বলেছেন, "এভাবে আর সংরক্ষিত নারী আসনে নির্বাচন হবে না। এর পরে ১০০টি নারী আসনে সরাসরি নির্বাচন হবে। এবং এ জন্য যথাসময়ে সংবিধানও সংশোধন করা হবে।" আওয়ামী লীগের জন্য বরাদ্দকৃত ৩৬টি আসনের মনোনীত নারী সাংসদদের নথিপত্র জমা দেওয়ার পর সৈয়দ আশরাফ একথা বলেন। দুপুরে নির্বাচন কমিশনে আসেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। এছাড়া বৃহস্পতিবার জাতীয় পার্টির জন্য বরাদ্দকৃত চারটি মহিলা আসনের বিপরীতে চেয়ারম্যান মনোনীত চারজনের মনোনয়ন পত্র জমা দেন দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার। পরে জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের বোন মেরিনা রহমান। বেলা আড়াইটায় জাতীয় পার্টির পক্ষে মেরিনা রহমান পৃথকভাবে মনোনয়ন পত্র জমা দেন। তার মনোনয়ন পত্রে প্রস্তাবক হচ্ছেন পার্টির প্রেসিডিয়াম সদস্য টি আই ফজলে রাব্বি। রিটার্নিং কর্মকর্তা জেসমিন টুলি মনোনয়ন পত্র গ্রহণ করার সময় তাকে জানান, দলের চূড়ান্ত মনোনয়ন না পেলে মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিতে হবে। এ সময় মেরিনা রহমান রিটার্নিং কর্মকর্তাকে বলেন, চেয়ারম্যান দেশের বাইরে রয়েছেন। তিনি ফিরলেই এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, কোন একজন মনোনয়ন পত্র প্রত্যাহার না করলে পরবর্তীতে নির্বাচন অনুষ্ঠান করতে হবে। বিকেল চারটার কিছুক্ষণ আগে বিএনপি'র জন্য বরাদ্দ পাঁচটি আসনে মনোনীত মহিলা প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদীন ফারুক। বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিনে সংরক্ষিত ৪৫টি নারী আসনের আসনের বিপরীতে ৪৬টি মনোনয়ন পত্র জমা পড়ে। জাতীয় পার্টির জন্য বরাদ্দ চারটি আসনের বিপরীতে মনোনয়ন পত্র জমা পড়ে পাঁচটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কিউএইচ/জিএনএ/১৫৫৫ ঘ.