২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারীদের স্বাবলম্বী করতে সরকার কাজ করবে

দেশের নারী ও শিশুদের ভাগ্য পরিবর্তন করে তাদের সামাজিক ও অর্থনেতিকভাবে স্বাবলম্বী এবং তাদের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে তার সরকার কাজ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2009, 08:47 AM

Updated : 26 Aug 2022, 11:10 AM

ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের নারী ও শিশুদের ভাগ্য পরিবর্তন করে তাদের সামাজিক ও অর্থনেতিকভাবে স্বাবলম্বী এবং তাদের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে তার সরকার কাজ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সচিবালয়ে নারী ও শিশু মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে তিনি একথা বলেন। মন্ত্রণালয়টির দায়িত্বে নিয়োজিত প্রধানমন্ত্রী এদিনই প্রথম অফিস করেন এ মন্ত্রণালয়ে। সকাল সাড়ে ১১টায় মন্ত্রণালয়ে আসেন তিনি। সূচনা বক্তব্য শেষে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এসময় মন্ত্রণালয়ের সচিব রোকেয়া সুলতানাসহ অন্যান্য কর্মকর্তারা বিভিন্ন প্রতিবেদন পেশ করেন। প্রধানমন্ত্রী বলেন, "শিশুদের জীবনমান, খাদ্য, বাসস্থান ও চিকিৎসা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। কোন শিশু যেন অবহেলিত না থাকে সেদিকে সবার নজর রাখতে হবে।" আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের কথা তুলে ধরে তিনি বলেন, "এ ইশতেহারে নারী ও শিশুদের অধিকারের উপর খুব বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ইশতেহার বাস্তবায়নে কি কি পরিকল্পনা ও পদক্ষেপ নেওয়া যায় তা নারী ও শিশু মন্ত্রণালয়কে ঠিক করতে হবে।" দেশের নারী ও শিশুদের অবহেলা থেকে মুক্ত করতে সবাইকে একত্রে কাজ করা আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, "অবহেলিত জনগোষ্ঠীকে গড়ে তুলতে হবে। শিশুরা আমাদের ভবিষ্যৎ- আমরা একথা শুধু মুখে বলি। কিন্তু সে ভবিষ্যৎ প্রজন্মকে কিভাবে একটি আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গুড়ে তুলব সেটাই আমাদের লক্ষ্য থাকা উচিত।" এ বিষয়ে তিনি আরো বলেন, "রাস্তায় গেলেই পথশিশুদের দেখা যায়, যাদের কোন থাকার জায়গা নেই, শিক্ষা নেই। এই ছিন্নমূল পথ শিশুদের বিভিন্নভাবে ব্যবহার করা হচ্ছে। এ শিশুদের কিভাবে সঠিক শিক্ষাদীক্ষা দিতে পারি এবং মানুষ করতে পারি তা নিশ্চিত করতে হবে। তারা আমাদের বোঝা নয়। তাদেরকে সম্পদে পরিণত করতে হবে।" এজন্য ছিন্নমুল শিশুদের বিষয়ে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে আরো সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণের কথা বলেন তিনি। তিনি বলেন, "এ মন্ত্রণালয় কোন প্রকল্প হাতে নিলে সরকার তা বাস্তবায়ন করবে।" শিশুদের সামাজিক নির্যাতন থেকে রক্ষা করার বিষয়ে গুরুত্বারোপ করে হাসিনা বলেন, "শিশুদের ওপর নির্যাতন, শিশুদের জীবনের ঝুঁকি থাকে, তাদের কোন অঙ্গের ক্ষতি হয়- এ ধরণের কাজে যাতে তাদের ব্যবহার করা না হয় তা নিশ্চিত করতে হবে।" শেখ হাসিনা বলেন, "আমরা বাংলাদেশে শিশুশ্রম বন্ধ করেছিলাম। শিশুদের শিক্ষার ক্ষেত্রে প্রকল্প নেওয়া হয়েছিল।" স্কুল থেকে শিশুদের ঝড়ে পড়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, "আমাদের সময় (বিগত আওয়ামী লীগ সরকারের সময়) দুঃস্থ শিশুদের কল্যাণে সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে প্রকল্প নেওয়া হলেও বিএনপি সরকার এসে তা বন্ধ করে দেয়।" পারিবারিকভাবে শিশু নির্যাতন বন্ধে সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, "আমাদের লক্ষ্য রাখতে হবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন শারীরিক ও মানসিক সুস্বাস্থের অধিকারী হয়।" এর আগে সকালে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত গেন্নাদি ট্রটঙ্কো হাসিনার সঙ্গে তার হেয়ার রোডের সরকারি বাসভবনে সাক্ষাৎ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এফএফ/জিএনএ/১৪৪৪ ঘ.