ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক শুরু হয়েছে।
ঢাকার মেয়র নির্বাচনে দলীয় মনোনয়নের জন্য চেয়ারপারসন খালেদা জিয়া টাকা চেয়েছেন- বিএনপির এক জ্যেষ্ঠ নেতার ছেলের এ দাবির পরদিন এ বৈঠক হচ্ছে।
মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪০ এ চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে তার গুলশানের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
সভায় আবদুল মতিন চৌধুরী, চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী ও ব্যারিস্টার মওদুদ আহমেদ ছাড়া স্থায়ী কমিটির সব সদস্যই উপস্থিত রয়েছেন। এছাড়াও বিশেষ আমন্ত্রণে বিচারপতি টি এইচ খান ও এম কে আনোয়ার ওই বৈঠকে অংশ নিয়েছেন।
উপস্থিত অন্যদের মধ্যে রয়েছেন; এম সাইফুর রহমান, খোন্দকার দেলোয়ার হোসেন, ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আর এ গনি, অ্যাডভোকেট মাহবুবউদ্দিন আহমাদ, অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাহবুবুর রহমান ও এম শামসুল ইসলাম।
সোমবার এক সংবাদ সম্মেলনে চৌধুরী তানভীর আহমেদ সিদ্দীকির ছেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দীকি খালেদা জিয়াসহ দলের বিভিন্ন নেতা সম্পর্কে নানারকম অভিযোগ করেন।
সন্ধ্যা সাতটার দিকে চেয়ারপারসনের কার্যালয়ের সামনে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কিছু বিক্ষুব্ধ নেতা-কর্মী চৌধুরী তানভীর আহমেদ সিদ্দীকি ও তার ছেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দীকির কুশপুত্তলিকা দাহ করে। তারা তানভীর সিদ্দীকিকে অবিলম্বে দল থেকে বহিস্কারেরও দাবি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিসি/এসকে/২০৩৭ঘ.
bdnews24