ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও সিনিয়র নেতাদের সম্পর্কে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীর বক্তব্যকে 'অসত্য ও অনাকাক্সিক্ষত' আখ্যা দিয়ে দুঃখ প্রকাশ করেছেন তার বাবা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী।
বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য তানভীর আহমেদ সিদ্দিকী দিলকুশার নিজের কার্যালয় 'বলিয়াদি ভবন'-এ মঙ্গলবার দুপুরে এক সংবাদ ব্রিফিং-এ তার ছেলের বক্তব্যের প্রতিবাদও জানান।
তিনি বলেন, ''আমি স্পষ্টভাবে বলতে চাই, খালেদা জিয়া আমার পুত্র ইরাদের কাছে কখনো টাকা দাবি করেননি। আমার পুত্র ইরাদ যা বলেছেন, তা সঠিক নয়, অসত্য। একই সঙ্গে দলের সিনিয়র কয়েকজন নেতা সম্পর্কে তার মন্তব্য অনাকাঙ্খিত এবং অশোভন হয়েছে। আমি তার বক্তব্যের প্রতিবাদ জানাচ্ছি।''
সোমবার দুপুরে তানভীর সিদ্দিকীর উপস্থিতিতে তার গুলশানের বাসায় ছেলে ইরাদ এক সংবাদ ব্রিফিং-এ বলেন, সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির সম্ভাব্য মনোনয়নের জন্য চেয়ারপার্সন খালেদা জিয়া তার কাছে নির্বাচনী ব্যয় হিসাবে পাঁচ কোটি টাকা চেয়েছেন। এ পর্যায়ে তানভীর আহমেদ 'সংবাদ সম্মেলন শেষ' বলে দৃশ্যত ছেলেকে নিবৃত্ত করার চেষ্টা করেন।
এ ঘটনার একদিন পর মঙ্গলবার বিএনপি চেয়ারপার্সন দলের স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক ডেকেছেন।
দলের সিনিয়র নেতা আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, সাদেক হোসেন খোকা, মোসাদ্দেক আলী ফালু, ব্যবসায়ী নেতা আবদুল আউয়াল মিন্টু, সাবেক মেয়র মোহাম্মদ হানিফ প্রমুখের বিরুদ্ধেও দুর্নীতি ও ব্যর্থতাসহ নানা ধরনের অভিযোগ করেন ইরাদ।
ইরাদের বক্তব্যে বিএনপির মধ্যে সমালোচনার ঝড় ওঠায় তানভীর আহমেদ সিদ্দিকী এই ব্রিফিং-এর আয়োজন করেন।
তিনি বলেন, ''ইরাদের বক্তব্যে আমি সারাদেশে দলীয় নেতা-কর্মীদের মতো মর্মাহত ও ক্ষুব্ধ। আমি আমার ছেলের বক্তব্যের সঙ্গে একমত নই।''
তানভীর সিদ্দীকি আরও বলেন, ''আমার স্নেহভাজন দলীয় নেতা সাদেক হোসেন খোকা, মির্জা আব্বাস ও মোসাদ্দেক আলী ফালু সর্ম্পকে যা বলা হয়েছে, তা অসত্য। আমার দীর্ঘদিনের বন্ধু এফবিসিসিআই নেতা আবদুল আউয়াল মিন্টু ও আমার স্কুল জীবনের বন্ধু আ স ম হান্নান শাহ সম্পর্কে ইরাদের মন্তব্যও অনাকাঙ্খিত। আমি এজন্য দুঃখিত। ইরাদ বিএনপির কেউ নন। তার এরকম কথা বলার কোনো অধিকারও নেই।''
আওয়ামী লীগ নেতা সাবেক মেয়র হানিফ সম্পর্কে ইরাদের বক্তব্যকেও অনাকাঙ্খিত অভিহিত করে তিনি বলেন, "তার পরিবারের সঙ্গে আমার পরিবারের সম্পর্ক বহুদিনের।"
এক প্রশ্নের জবাবে তানভীর বলেন, "ইরাদের সংবাদ ব্রিফিং-এ আমি উপস্থিত ছিলাম। তবে আমার ছেলে এ ধরনের বক্তব্য দেবে, তা বুঝতে পারিনি। সে আমাকে বলেছিল একটি প্রামাণ্যচিত্র দেখিয়ে ধন্যবাদ জানিয়ে সে তার বক্তব্য শেষ করবে।''
তানভীর নিজেকে বিএনপির একজন নিবেদিত ও পরীক্ষিত নেতা দাবি করে বলেন, ''আমি বিএনপির 'সলিডগোল্ড'। দলের কাছে আমার কোনো চাওয়া-পাওয়া নেই। তানভীর আহমেদ সিদ্দিকীর মধ্যে কোনো ভেজাল নেই।''
ছেলের কারণে দল থেকে পদত্যাগ করবেন কিনা জানতে চাইলে সরাসরি জবাব এড়িয়ে চৌধুরী তানভীর বলেন, ''৩০ বছর বিএনপির সঙ্গে যুক্ত। দলের প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ ছিলাম। আমি দলের নিবেদিত নেতা ও কর্মী।''
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/টিআর/১৬৫১ঘ.
bdnews24