২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমিরউদ্দিন ও মওদুদের মনোনয়ন বাতিলের দাবি আখতারের

বগুড়া ৬ ও ৭ আসনের উপনির্বাচনে প্রার্থী জমিরউদ্দিন সরকার ও মওদদু আহমেদের দলীয় মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছেন বিএনপির সাবেক সাংসদ মো. আখতারুজ্জামান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2009, 10:53 AM

Updated : 26 Aug 2022, 11:10 AM

ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া ৬ ও ৭ আসনের উপনির্বাচনে প্রার্থী জমিরউদ্দিন সরকার ও মওদদু আহমেদের দলীয় মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছেন বিএনপির সাবেক সাংসদ মো. আখতারুজ্জামান। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এই দুই জনকে দুর্নীতিবাজ অভিহিত করে তাদের দলীয় মনোনয়ন বাতিলের এ দাবি জানান। একইসঙ্গে বগুড়াবাসীকে তাদের ভোট না দেওয়ারও আহ্বান জানান তিনি। বিএনপির শুদ্ধি আন্দোলনের শুরু শিরোনামে এক বিবৃতিতে আখতার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ''অবিলম্বে তাদের (জমিরউদ্দিন ও মওদুদ) মনোনয়ন বাতিল করতে হবে। নইলে প্রকাশ্যে আমরা এদের বিরুদ্ধে আন্দোলনে নামব। প্রয়োজনে লাখো লাখো পোস্টার ও লিফলেট ছাপিয়ে তাদের ভোট না দিতে বগুড়ার জনগণকে আহবান জানাব।'' বিবৃতিতে তিনি আরও বলেন, ''শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পবিত্র জন্মভূমিতে দুর্নীতিবাজদের কোনো স্থান নেই। তারা আইনের চোখকে ফাঁকি দিতে পারে, কিন্তু জনগণের চোখে তারা অত্যন্ত দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত ও পরিচিত।'' বিএনপি থেকে দুর্নীতিবাজদের হঠাতে ত্যাগী নেতা-কর্মীদের চুপ করে বসে না থেকে শুদ্ধি আন্দোলনে অংশ নেওয়ারও আহবান জানান বিএনপির সাবেক এই সাংসদ। বিবৃতিতে সাবেক স্পিকার জমিরউদ্দিন এবং সাবেক আইনমন্ত্রী মওদুদের দুর্নীতির কথা তুলে ধরে তিনি বলেন, ''এদের মতো ধিকৃত ও দুর্নীতিবাজরা সংসদে নির্বাচিত হয়ে আসলে আবার নতুন করে ষড়যন্ত্র পাকিয়ে দেশ ও দলকে ধ্বংসের দিকে নিয়ে যাবে।'' সোমবার বগুড়া-৬ আসনে জমিরউদ্দিন ও বগুড়া-৭ আসনে মওদুদ বিএনপিসহ চারদলীয় ঐক্যজোটের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/১৬৪৯ ঘ.