২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাত আসনে উপ-নির্বাচনে ২৮ জনের মনোনয়নপত্র জমা

বগুড়া, বাগেরহাট, রংপুর, কিশোরগঞ্জ ও কুড়িগ্রামের সাতটি সংসদীয় আসনের উপ-নির্বাচনে ২৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষদিন। আগামী ১১ মার্চ মনোনয়নপত্র বাছাই করা হবে। প্রত্যাহারের শেষ দিন ১৭ মার্চ। ভোট গ্রহণ হবে ২ এপ্রিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2009, 03:59 PM

Updated : 26 Aug 2022, 11:09 AM

ঢাকা, মার্চ ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়া, বাগেরহাট, রংপুর, কিশোরগঞ্জ ও কুড়িগ্রামের সাতটি সংসদীয় আসনের উপ-নির্বাচনে ২৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষদিন। আগামী ১১ মার্চ মনোনয়নপত্র বাছাই করা হবে। প্রত্যাহারের শেষ দিন ১৭ মার্চ। ভোট গ্রহণ হবে ২ এপ্রিল। রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া এবং জাপা চেয়ারম্যান এরশাদের ছেড়ে দেওয়া সাতটি আসনে এ উপ-নির্বাচন হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: বগুড়া: জাতীয় সংসদের উপ-নির্বাচনে বগুড়ার দু'টি আসনে সোমবার বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির পাঁচজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন- বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার এবং আওয়ামী লীগের জেলা সভাপতি মমতাজ উদ্দিন। বগুড়া-৭ (গাবতলী-শাহজাহানপুর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, আওয়ামী লীগের মোস্তাফা আলম নান্নু এবং জাতীয় পার্টির আলতাফ হোসেন। জেলা নির্বাচন অফিসার আব্দুল হামিদ জানান, মওদুদ আহমদ গাবতলী ও শাজাহানপুর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে এবং জমির উদ্দিন সরকার জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। আওয়ামী লীগের মোস্তাফা আলম নান্নু মনোনয়নপত্র জমা দেন গাবতলী ও শাজাহানপুর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে এবং জাতীয় পার্টির আলতাফ হোসেন জমা দিয়েছেন জেলা নির্বাচন কার্যালয়ে। এ দু'টি আসন ছেড়ে দেন বিএনপি চেয়ারপারসন ও সংসদে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। বাগেরহাট: বাগেরহাট-১ (ফকিরহাট, মোল্লাহাট, চিতলমারী) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনজন। এরা হলেন- আওয়ামী লীগের শেখ হেলাল উদ্দিন, বিএনপির এম রহমান সজল এবং স্বতন্ত্র এম এম ওবায়দুর রহমান। সোমবার বাগেরহাট জেলা রিটার্নিং কর্মকর্তা মো. মহসীন আলীর কাছে মনোনয়নপত্র জমা দেন তারা। রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মো. মহসীন আলী জানান, বিএনপির এম রহমান সজলের মনোনয়নপত্র এবং হলফনামার সঙ্গে দেওয়া এসএসসি পাশের সনদপত্রে নাম লেখা রয়েছে মো. মুশফিকুর রহমান। বাবার নাম আতিয়ার রহমান। তিনি মনোনয়নপত্র ও হলফনামায় বাবার নাম লিখেছেন এ রহমান। তবে তার মনোয়নপত্র জমা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেড়ে দিলে এ আসনটি শুন্য হয়। রংপুর: রংপুর-৩ (সদর) এবং রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে মোট ১১জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে রংপুর-৩ (সদর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন- জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ, জাপা চেয়ারম্যান এরশাদের ছোট ভাই মোজাম্মেল হক লালু, আওয়ামী লীগের শরফ উদ্দিন আহাম্মেদ ঝন্টু, বিএনপির রহিম উদ্দিন ভরসা, খেলাফত মজলিসের সিরাজুল ইসলাম ও গণফ্রন্টের মো. সাদেক। রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন- আওয়ামী লীগের আবুল কালাম আজাদ, বিএনপির নুর মোহাম্মদ মণ্ডল, জাতীয় পার্টির নুর আলম যাদু, আওয়ামী লীগের মোতাহারুল হক বাবলু ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে হায়দার আলী। রংপুর-৩ (সদর) আসন ছেড়ে দিয়েছেন জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদ এবং রংপুর-৬ (পীরগঞ্জ) আসন ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রংপুর-৩ আসনে এরশাদ পরিবারের দু'জনের মনোনয়নপত্র দাখিল করা বিষয়ে এরশাদের ছোট ভাই মোজাম্মেল হক লালুর ছেলে রংপুর-১ আসনের সাংসদ হোসেন মকবুল শাহরিয়ার বলেন, "এই আসনের প্রার্থী হচ্ছেন রওশন এরশাদ। তারপরও বাবা মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রত্যাহারের দিন আসুক, তখন দেখা যাবে।" এ দুই আসনের ১১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করার বিষয়টি উপ-নির্বাচন কমিশনার ও রিটার্নিং অফিসার সুভাষ চন্দ্র রায় নিশ্চিত করেছেন। কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে উপ-নির্বাচনে তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন- আওয়ামী লীগ থেকে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ছেলে নাজমুল হাসান পাপন, বিএনপির শরীফুল আলম এবং গণফ্রন্টের আবুল কাশেম ফজলুল হক। নাজমুল হাসান পাপন ও শরীফুল আলম মনোনয়নপত্র জমা দেন ভৈরব ও কুলিয়ারচর এবং আবুল কাশেম ফজলুল হক জমা দেন কুলিয়ারচর উপজেলা কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে। কুড়িগ্রাম: কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, ফুলবাড়ি, রাজারহাটের তিনটি ইউনিয়ন) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ছয়জন। এরা হলেন- আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক মো. জাফর আলী, জাপার কেন্দ্রীয় নেতা গোলাম হাবিব দুলাল, বিএনপির তাজুল ইসলাম চৌধুরী, ইসলামিক আন্দোলনের মোস্তাফিজুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে শামসুল হক ও আব্দুল আলীম নিজামী। জেলা নির্বাচন কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার জানান, কুড়িগ্রাম-২ আসনে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। জাপা চেয়ারম্যান এইচএম এরশাদ আসনটি ছেড়ে দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/এসকে/২১৫৯ঘ.