ঢাকা, মার্চ ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপাসন ও সংসদে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া বিডিআরের ঘটনায় নিহত দুই সেনা কর্মকর্তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন। তিনি তাদের প্রতি গভীর সমবেদনা জানান।
রোববার বিকেলে তিনি নিহত কর্নেল মো. আফতাবুল ইসলাম ও কর্নেল জাহিদ হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। এ সময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন দলের যুগ্ম মহাসচিব সেলিমা রহমান।
বিরোধী দলের নেত্রী প্রথমে উত্তরা ৭ নম্বর সেক্টরে কর্নেল আফতাবুল ইসলামের বাসায় যান। এ সময় তিনি নিহত সেনা কর্মকর্তার স্ত্রী নাসিমা ইসলাম ও তার ছোট মেয়ের সঙ্গে কথা বলেন। তিনি তাদের প্রতি সমবেদনা জানান।
এরপর খালেদা জিয়া উত্তরা ৬ নম্বর সেক্টরে কর্নেল জাহিদ হোসেনের বাসায় যান। তিনি জাহিদ হোসেনের স্ত্রী নিশাত জাহিদ ও দুই ছেলের সঙ্গে কথা বলেন, তাদের সান্ত্বনা জানান।
নিশাত জাহিদ বিরোধী দলের নেত্রীকে কাছে পেয়ে ২৫ ফেব্র"য়ারির ঘটনার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।
উভয় পরিবারের সদস্যরা খালেদা জিয়ার কাছে ওই হত্যাকান্ডে জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন।
কয়েক দিনে সাবেক প্রধানমন্ত্রী বিডিআর বিদ্রোহে নিহত সাত সেনা কর্মকর্তার পরিবারের সঙ্গে দেখা করেন। এছাড়া তিনি একই ঘটনায় নিহত বেসরকারী বিশ্ব বিদ্যালয়ের ছাত্র খন্দকার মো. তারিক আজিজের বাড়িতে গিয়ে তার বাবা-মাকেও সান্ত্বনা দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিসি/এইচএ/১৮৫৫ ঘ.
bdnews24