ঢাকা, মার্চ ৫ (বিডিনিউজ ২৪ ডটকম)- পিলখানায় বিদ্রোহের ঘটনায় নিহতদের স্মরণে বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় শোক মিছিল বের করবে বিএনপি।
নয়া পল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই শোক মিছিলের নেতৃত্ব দিবেন দলের চেয়ারপার্সন ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
দলের দপ্তর সম্পাদক রিজভী আহমেদ বৃহস্পতিবার বিডিনিউজ ২৪ ডটকমকে জানান, নিহত সেনা কর্মকর্তাসহ যারা হত্যাযজ্ঞের শিকার হয়েছেন, তাদের স্মরণে এ কর্মসূচি নেওয়া হয়েছে। বেগম খালেদা জিয়া এ কর্মসূচিতে থাকবেন।
তিনি জানান, একই দিন সারা দেশের জেলা-উপজেলাগুলোতেও দলীয়ভাবে এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।
বিএনপি রাষ্ট্রীয় ঘোষিত তিনদিনের শোক দিবসের সঙ্গেও দলীয়ভাবে দোয়া মাহফিল অনুষ্ঠানের মাধ্যমে শোক পালন করেছে। এর বাইরে শোক মিছিলের এই কর্মসূচি নেওয়া হয়েছে।
মঙ্গলবার ও বুধবার খালেদা জিয়া রাজধানীতে নিহত সেনা কর্মকর্তাদের বাসায় গিয়ে তাদের পরিবারদের কাছে সমাবেদনা প্রকাশ করেন।
বিডিনিউজ ২৪ ডটকম/এসএম/কিউএইচ/জিএনএ/১৩০৭ ঘ.
bdnews24