রংপুর, মার্চ ৪ (বিডিনিউজ ২৪ ডটকম) - রংপুরের দু'টি আসনে উপ-নির্বাচনে বুধবার বিকেলে দুই আওয়ামী লীগ নেতা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এরা হলেন- রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে আবুল কালাম আজাদ এবং রংপুর-৩ (সদর) আসনে শরফ উদ্দিন আহাম্মেদ ঝন্টু।
আবুল কালাম আজাদ দলীয় মনোনয়ন পেলেও শরফ উদ্দিন আহাম্মেদ ঝন্টু পাননি।
তারা দুজনেই স্ব স্ব এলাকার সহকারী নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানান রিটার্নিং কর্মকর্তা উপ-নির্বাচন কমিশনার সুভাষ চন্দ্র রায়।
রিটার্নিং কর্মকর্তা বলেন, শেখ হাসিনার ছেড়ে দেওয়া রংপুর-৬ আসনে দলীয় মনোনয়ন নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন আ'লীগের আবুল কালাম আজাদ।
অন্যদিকে রংপুর-৩ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের ছেড়ে দেওয়া আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন আ'লীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য শরফ উদ্দিন আহাম্মেদ ঝন্টু।
ঝন্টু দলীয় মনোনয়ন পাননি বলেও জানান তিনি।
এ ব্যাপারে শরফ উদ্দিন আহাম্মেদ ঝন্টু বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, "আমি আশা করছি দল আমাকে মনোনয়ন দেবে।"
রংপুর সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা জাপা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, জাপা থেকে রওশন এরশাদকে মনোনয়ন দেওয়া হয়েছে। তবে তিনি এখনও মনোনয়নপত্র জমা দেননি।
রংপুরের এই দু'টি আসনে মহাজোটগতভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে আ'লীগ ও জাপা। সে কারণে রংপুর-৩ আসনে মহাজোটের মনোনয়ন দেওয়া হয়েছে জাপা নেত্রী রওশন এরশাদকে। অন্যদিকে শেখ হাসিনার ছেড়ে দেওয়া আসনে মনোনয়ন দেওয়া হয়েছে আ'লীগ নেতা আবুল কালাম আজাদকে।
আগামী ২ এপ্রিল উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। ৯ মার্চ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। বাছাই হবে ১১ মার্চ। প্রত্যাহারের শেষ তারিখ ১৭ মার্চ।
বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৫৫ ঘ.
bdnews24