ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ ২৪ ডটকম)- দেশবিরোধী কোনো চুক্তি হলে প্রয়োজনে কর্মসূচি দেবে বিএনপি।
দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সোমবার সন্ধ্যায় এক আলোচনা সভায় এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
জাতীয়তাবাদী দল বিএনপি সমর্থিত '৮০-এর দশকের ছাত্রনেতা' সংগঠনের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে ' টিফা, ট্রানজিট, দক্ষিন এশীয় টাস্ক ফোর্স বনাম বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ' শীর্ষক গোলটেবিল আলোচনায় দেলোয়ার আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে বলেন,'' তারা ক্ষমতায় গিয়ে দেশবিরোধী চুক্তি করার ষড়যন্ত্র করছে। বিএনপি মাটি ও মানুষের দল। দেশ বিরোধী কোনো চুক্তি হলে বিএনপি চুপ করে বসে থাকবে না। প্রয়োজনে কর্মসূচি দেবে।''
তিনি সরকারকে এরকম চুক্তি করা থেকে বিরত থাকার আহবান জানিয়ে বলেন,'' তথাকথিত নির্বাচনে ক্ষমতায় এসে চেয়ারে বসেছেন, ভালো কথা। জনগনকে দেওয়া প্রতিশ্র"তি বাস্তবায়ন করুন। এর বাইরে কিছু করতে যাবেন না। জনগন তা মেনে নেবে না।"
স্বাধীনতা যুদ্ধে ভারতের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, '' তারা বন্ধুসুলভ আচরণ করে আমাদের স্বার্থের বিরুদ্ধে কিছু করলে তা জনগন মেনে নেবে না।''
এস এম কামালউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা শাহ মোয়াজ্জেম হোসেন, জাগপা'র সভাপতি শফিউল আলম প্রধান, সাংবাদিক শওকত মাহমুদ, সাবেক ছাত্র দল নেতা জেড মূর্তজা তুলা, ফেরদৌস আহমেদ খোকন, শাহজাহান মিঞা সম্রাট, শ্যামা ওবায়েদ প্রমুখ।
বিডিনিউজ ২৪ ডটকম /এসএম/এইচএ/১৯৫০ঘ.
bdnews24