ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ ২৪ ডটকম)--জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সশস্ত্রবাহিনীর জন্য বেশ কিছু অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম কেনার উদ্যোগের কথা জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার।
সংসদে প্রধানমন্ত্রীর পক্ষে প্রতিরক্ষা বিষয়ে কথা বলার দায়িত্বপ্রাপ্ত এ মন্ত্রী রোববার সেনা, নৌ ও বিমানবাহিনীর জন্য ট্যাংক, হেলিকপ্টার, রাইফেল, ফ্রিগেটের জন্য ক্ষেপণাস্ত্র কেনার উদ্যোগের কথা জানান।
এ কে খন্দকার বলেন, সরকার দেশের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে আর্থিক সংগতি বিবেচনায় রেখে সশন্ত্র বাহিনীকে সুসজ্জিত, সুপ্রশিক্ষিত এবং সুসংগঠিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
জাতীয় সংসদের রোববারের অধিবেশনে নীলফামারী-১ আসনের সাংসদ জাফর ইকবাল সিদ্দিকীর এক প্রশ্নের জবাবে এ কে খন্দকার বলেন, সমুদ্রে নজরদারি জোরদার ও 'ত্রিমাত্রিক' নৌবাহিনী প্রতিষ্ঠার অংশ হিসাবে হেলিকপ্টার ও সাগরে টহল বিমান কেনার জন্য ইতিমধ্যে আন্তর্জাতিক দরপত্র আহবান করা হয়েছে।
এ কে খন্দকার আরো বলেন, সেনাবাহিনীকে সুসজ্জিত করতে ২০০৮-২০০৯ এবং ২০০৯-২০১০ অর্থ বছরে হেলিকপ্টার, ট্যাংক, আর্মারড পারসনেল ক্যারিয়ার (এপিসি), ট্যাংক ও বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, স্নাইপার রাইফেল, বিভিন্ন প্রকার আধুনিক বেতার যন্ত্র, বিস্ফোরক, নাইট ভিশন সরঞ্জাম এবং অন্যান্য অস্ত্র ও যানবাহন সংগ্রহ করার পরিকল্পনা করা হয়েছে।
পরিকল্পনামন্ত্রী জানান, সর্বমোট ২৭টি প্রশিক্ষণ স্থাপনায় সিমুলেটর এবং অন্যান্য কম্পিউটারাইজড প্রশিক্ষণের আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।
নৌবাহিনীর আধুনিকায়নের অংশ হিসাবে পঞ্চাশ বছরের বেশি পুরনো তিনটি ফ্রিগেটের জায়গায় নতুন ফ্রিগেট কেনা হবে বলে জানান মন্ত্রী।
তিনি আরো বলেন, "চলতি বছরে ১২০ কোটি টাকা ব্যয়ে নৌবাহিনীর সর্বাধুনিক ফ্রিগেটের জন্য উপযুক্ত জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কেনার বিষয়ে চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এটি সরকারের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এছাড়াও জাহাজটিতে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সংযোজনের কাজ চলছে।"
এ কে খোন্দকার জানান, বিমান বাহিনীকেও যুগোপযোগী করার বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে।
বিডিনিউজ ২৪ ডটকম /এসইউএম/কেআরসি/এসকে/১৯১৮
bdnews24