ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ ২৪ ডটকম)-- বন ও পরিবেশ রক্ষায় সাংসদসহ সবার সহযোগিতা চেয়েছেন পরিবেশ ও বন মন্ত্রী মোস্তাফিজুর রহমান।
জাতীয় সংসদে রোববারের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে মোস্তাফিজুর রহমান এ আহবান জানান।
তিনি বলেন, "বন ও পরিবেশ রক্ষায় আমি সবার সহযোগিতা চাই। অতীতে কী হয়েছে তা বড় কথা নয়। আমার মন্ত্রণালয়ে কেউ যদি দুর্নীতি করে থাকে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। আমি সবার সহযোগিতা চাই।"
আরেক প্রশ্নের জবাবে বন মন্ত্রী বলেন, "কতগুলো ওসমান গণি সমাজে লুকিয়ে আছে তা খুঁজে বের করতে হবে।"
সাবেক প্রধান বন সংরক্ষক ওসমান গণিকে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের দুর্নীতিবিরোধী অভিযানের সময় গ্রেপ্তার করা হয়। তখন তার বাসার চালের ড্রাম ও বালিশ থেকে নগদ কয়েক কোটি টাকা উদ্ধার করা হয়।
বিডিনিউজ ২৪ ডটকম/এসইউএম/কেআরসি/এসকে/
bdnews24