ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর রাজনৈতিক শাখা বন্ধের দাবি জানিয়েছে কয়েকটি বাম রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত জোট গণতান্ত্রিক বাম মোর্চা।
রোববার রাজধানীর তোপখানার দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে মোর্চার সমন্বয়ক বদরুল আলম সংগঠনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন।
তিনি বলেন, "গত সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে তাদের যাবতীয় কর্মকাণ্ডের শ্বেতপত্র প্রকাশ করতে হবে।"
তিনি রিমান্ডের নামে রাষ্ট্রীয় হেফাজতে নির্যাতনের তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা এবং আইন করে এ ধরনের নির্যাতন বন্ধ করার দাবিও জানান।
যুদ্ধাপরাধীদের বিচারসহ আরো কিছু দাবিও জানানো হয় লিখিত বক্তব্যে।
বর্তমান সরকারের সমালোচনা করে বদরুল আলম বলেন, "মহাজোটের বিপুল বিজয় তাদের বেসামাল করে তুলেছে। দেড় মাসের মাথায় জনগণের আশা নিরাশায় পরিণত হতে শুরু করেছে।"
তিনি আমেরিকা ও ভারতের সঙ্গে টিফা, ট্রানজিট ও সন্ত্রাসবিরোধী দক্ষিণ এশীয় টাস্কফোর্স গঠনসহ জাতীয় স্বার্থবিরোধী যে কোন চুক্তি সই থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এজে/১৬২১ ঘ.
bdnews24