ঢাকা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লূৎফুজ্জামান বাবর বৃহস্পতিবার বিদেশ যেতে পারেননি।
জামায়াত ও বিএনপির এ দুই নেতার পারিবারিক সূত্রে এ কথা জানানো হয়েছে।
তবে বিমানবন্দরের অভিবাসন কর্মকর্তাদের কেউ এর সত্যতা নিশ্চিত বা অস্বীকার কোনোটাই করেননি।
সকাল সাড়ে ৮টার দিকে মুজাহিদের পক্ষে তার এক সহকারী বিমান টিকিট নিয়ে বোর্ডিং কার্ড নিতে গেলে অভিবাসন কর্মকর্তারা তাকে ফিরিয়ে দেন বলে পরিচয় প্রকাশে অনিচ্ছুক আত্মীয়রা জানান। মুজাহিদের সৌদি আরব যাওয়ার কথা ছিল।
এ ব্যাপারে জামায়াত নেতার সঙ্গে কথা বলতে চাইলে তিনি বৈঠকে ব্যস্ত থাকার কথা জানান।
এছাড়া কয়েকটি মামলার আসামী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লূৎফুজ্জামান বাবর সাড়ে ১২টার দিকে ব্যাংকক যাওয়ার জন্য বিমানবন্দরে গেলে অভিবাসন কর্তৃপক্ষ তাকেও ফিরিয়ে দেয়।
নাম প্রকাশ করতে না চাওয়া বাবরের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, বিদেশে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা নেই, হাইকোর্টের এমন আদেশ নিয়ে বিমানবন্দরে যাওয়া হয়। সূত্রটি দাবি করেন অভিবাসন কর্তৃপক্ষ 'ওপরের নির্দেশ আছে' বলে তাকে ফিরিয়ে দেয়। তার ভাষ্য অনুযায়ী চিকিৎসার জন্য বাবরের ব্যাংকক যাওয়ার কথা ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/টিআর/এসকে/১৮১৪ঘ.
bdnews24