২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপনির্বাচনে কারচুপি হলে পরিণতি হবে 'ভয়াবহ': খালেদা

আসন্ন উপনির্বাচনে কোনো ধরনের কারচুপি হলে তার পরিণতি 'ভয়াবহ' হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি চেয়ারপারসন ও সংসদে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2009, 06:05 PM

Updated : 26 Aug 2022, 11:04 AM

ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন উপনির্বাচনে কোনো ধরনের কারচুপি হলে তার পরিণতি 'ভয়াবহ' হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি চেয়ারপারসন ও সংসদে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। মঙ্গলবার রাতে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির একদল কর্মকর্তার উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। খালেদা জিয়া বলেন, "আসন্ন উপনির্বাচনে সরকার ও নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে নির্বাচন না করলে তার পরিণতি হবে ভয়াবহ। নির্বাচনে কোনো ধরনের কারচুপি, সরকারি হস্তক্ষেপ ও অনিয়ম সহ্য করা হবে না।" সুষ্ঠু নির্বাচন হলে উপনির্বাচনে বিএনপি প্রার্থীরা বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রীসহ অন্যদের ছেড়ে দেওয়া সাতটি আসনে আগামী ৩০ মার্চ উপনির্বাচন অনুষ্ঠিত হবে। গত ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনটি করে আসনে র্নির্বাচিত হওয়ার পর একটি করে আসন রেখে শেখ হাসিনা বাগেরহাট-১ ও রংপুর ৬, খালেদা জিয়া বগুড়া-৬ ও বগুড়া-৭, এরশাদ রংপুর-৩ ও কুড়িগ্রাম-২ ছেড়ে দেন এবং জিল্লুর রহমান রাষ্ট্রপতি হওয়ায় তার কিশোরগঞ্জ-৬ আসনটি শূন্য হয়ে যায়। মঙ্গলবার রাতে গুলশানের দলীয় কার্যালয়ে সিরাজগঞ্জ-২ আসনের সাংসদ রুমানা মাহমুদের নেতৃত্বে জেলা আইনজীবী সমিতির কর্মকর্তারা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দেশের বর্তমান অবস্থা সম্পর্কে আইনজীবীদের মতামত তিনি মনোযোগ দিয়ে শোনেন। বিএনপি চেয়ারপারসন বর্তমান সরকারের এক মাসের শাসনামলের সন্ত্রাস, নৈরাজ্য ও রাজনৈতিক নিপীড়নের চিত্র তুলে ধরে বলেন, "তারা সারাদেশে আমাদের নেতা-কর্মীদের হত্যা-নির্যাতন করেই ক্ষান্ত হয়নি। সংসদে আমাদের আসন দখল করে সংসদকে অকার্যকর করার কৌশল নিয়েছে। সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এখন তারা গায়ের জোরে সবকিছু করতে চায়।" তিনি এসব অন্যায়ের বিরুদ্ধে অতীতের মতো আইজীবীদের 'বলিষ্ঠ ভূমিকা' রাখার আহ্বান জানান। খালেদা জিয়া বলেন, "নির্বাচনের আগে আওয়ামী লীগ জনগণের কাছে যেসব ওয়াদা করেছিল ক্ষমতায় গিয়ে তা ভুলে গেছে। কিন্তু বিদেশিদের কাছে দেওয়া ওয়াদা তারা ভুলে যায়নি। এ জন্য বিভিন্ন দেশবিরোধী চুক্তি করছে সরকার। জনমতকে উপেক্ষা করে কথিত টাস্কফোর্সসহ দেশ বিরোধী চুক্তি করা হলে আমরা ঘরে বসে থাকব না। জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে তার মোকাবেলা করা হবে।" দেশ বিরোধী চুক্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন, "দেশের স্বাধীনতা বিপন্ন হয় কিংবা হুমকির মুখে পড়ে এরূপ কোনো কিছুই বিএনপি ও দেশের মানুষ মেনে নেবে না" তিনি আরও বলেন, "তারা এরকম চুক্তির মাধ্যমে এদেশকে সিকিম বানাতে চায়। যদিও সরকার বলছে, দেশের র্অর্থনৈতিক উন্নয়ন ও বিদেশিদের সুবিধা দিয়ে বাংলাদেশকে সিঙ্গাপুর করবে -এটা সম্পূর্ণ বিভ্রান্তিকর ও প্রতারণামূলক।" আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে খালেদা জিয়া বলেন, "বিগত দু'বছর আইনজীবীরা আইনি লড়াই করে যে ভূমিকা রেখেছেন তা দেশের মানুষ সব সময় স্মরণ করবে।" নিজ দলের পুনর্গঠন সম্পর্কে তিনি জানান, দলের দুর্দিনে যারা সংগঠনের পাশে ছিলেন তাদের যথাযথ মূল্যায়ন করা হবে। এ ব্যাপারে তৃণমূল পর্যায় থেকে নেতা নির্বাচনের কাজও শুরু হয়েছে বলে জানান খালেদা জিয়া। এ সময় দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ, সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, গোলাম আকবর, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। এরপর খালেদা জিয়া জাতীয়তাবাদী তাঁতী দলের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগত সংগঠনের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ডিডি/এইচএ/২৩৫৭ঘ.