ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে সাংসদদের অন্তর্ভুক্তির বিষয়ে খাদ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে মঙ্গলবার সংসদে হৈ চৈ করেন সাংসদরা। বিরোধীদলশূন্য হলেও কিছু সময়ের জন্য অধিবেশন হয়ে ওঠে উত্তপ্ত।
তত্ত্বাবধায়ক সরকারের জারি করা পরিপত্রের কারণে স্থানীয় সরকারে সাংসদদের ক্ষমতা কমে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সরকারি দলের সাংসদরা।
স্থানীয় সরকারে সাংসদদের ভূমিকা একটি বিরোধপূর্ণ বিষয় এবং এ নিয়ে পক্ষে-বিপক্ষে বিতর্ক রয়েছে।
তত্ত্বাবধায়ক সরকারের জারি করা পরিপত্রের মাধ্যমে কাবিখা ও টিআর প্রকল্পের সাহায্য বিতরণ, ব্রিজ-কালভার্ট নির্মাণসহ সব ধরনের স্থানীয় উন্নয়ন প্রক্রিয়া থেকে সংসদ সদস্যদের বাদ দিয়ে স্থানীয় সরকার প্রতিনিধিদের একক কর্তৃত্ব দেওয়া হয়েছে -মন্তব্য করে আওয়ামী লীগ সাংসদ আতিউর রহমান আতিক এক সম্পূরক প্রশ্নে খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাকের কাছে জানতে চান বর্তমান সরকার পরিপত্রটি বাতিল করবে কি না।
জবাবে মন্ত্রী বলেন, "সাধারণ মানুষ আশা করে সাংসদদের কাছে গেলে এসব সুবিধা পাওয়া যাবে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের আমলে জারি করা পরিপত্র অনুযায়ী সাংসদদের হাতে তেমন সুযোগ নেই। এ নিয়ে অনেক বিতর্ক হচ্ছে।
"সুশীল সমাজের প্রতিনিধিরা বলেছেন সংসদ সদস্যদের কাজ শুধু আইন প্রণয়নের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আর উন্নয়ন কাজ করবেন স্থানীয় প্রতিনিধিরা।"
আব্দুর রাজ্জাকের এ বক্তব্যের পর সরকারি দলের সাংসদদের অনেকে চিৎকার দিয়ে দাঁড়িয়ে যান। এর মধ্যেও মন্ত্রী বক্তব্য দিতে থাকলে সাংসদরা আরো জোরে চিৎকার দিতে থাকেন।
স্পিকার আব্দুল হামিদ তাদের শান্ত থাকার অনুরোধ জানান। পরে সাংসদ সারাহ বেগম কবরীকে মাইক দিলে পরিস্থিতি শান্ত হয়।
কবরীর প্রশ্নের পর মাগরিবের নামাজের বিরতি দেন স্পিকার।
বিরতির পর কবরীর প্রশ্নের জবাব দিতে গিয়ে খাদ্যমন্ত্রী বলেন, "বিরোধী দল সংসদে না থাকা সত্ত্বেও আজ সংসদ প্রাণবন্ত হয়েছে। এজন্য সদস্যদের ধন্যবাদ।"
এ সময় স্পিকারও বলেন, "নবম সংসদ শুরুর পর এই প্রথম আমার ভালো লেগেছে।"
এরপর স্পিকার দিনের অন্য কার্যসূচিতে যান।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/এইচএ/এসকে/২২৫৬ঘ.
bdnews24