২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আপোষ করিনি বলে ২২ মাস বিনা কারণে জেল খাটতে হয়েছে: জনকণ্ঠ সম্পাদক

জনকণ্ঠ সম্পাদক আতিক উল্লাহ খান মাসুদ বললেন, আপোষ করেননি বলেই তাকে ২২ মাস 'বিনা কারণে' জেল খাটতে হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2009, 02:29 PM

Updated : 26 Aug 2022, 11:05 AM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--জনকণ্ঠ সম্পাদক আতিক উল্লাহ খান মাসুদ বললেন, আপোষ করেননি বলেই তাকে ২২ মাস 'বিনা কারণে' জেল খাটতে হয়েছে। আতিক উল্লাহ খান মাসুদ মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন। সেনা-নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের দুর্নীতিবিরোধী অভিযানের সময় ২০০৭ সালের ৭ মার্চ জনকণ্ঠ সম্পাদককে গ্রেপ্তার করা হয়। মাসুদ বলেন, "গ্রেপ্তারের পর একটি 'মহল' থেকে আপোষের প্রস্তাব দেওয়া হয়েছিল। বলা হয়েছিল এতে রাজি হলে একদিনের মাথায় শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হবে। কিন্তু একজন মুক্তিযোদ্ধা হিসেবে কখনো মাথা নত করিনি, ভবিষ্যতেও করব না।" তবে তিনি কোন 'মহলে'র কথা বলেছেন তা পরিষ্কার করেননি। চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক ওবায়দুল হক, আতাউল হাকিম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোস্তাক আহমদ, সাধারণ সম্পাদক নাজিমুদ্দীন শ্যামল। সভা পরিচালনা করেন সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরী। সভায় জনকণ্ঠ সম্পাদক আরো বলেন, "জরুরি অবস্থায় অনেকের কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছে। এজন্য নানাভাবে হুমকিও দেওয়া হয়। সকল প্রকার ভয়ভীতির উর্ধ্বে থেকে দৈনিক জনকণ্ঠ সত্য প্রকাশে অবিচল ছিল।" গত দু'বছরে জনকণ্ঠকে পঙ্গু করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করে তিনি পাঠকের কাছে কিছুদিন সময় চান। বিকেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগরীর লালদীঘি মাঠে জনকণ্ঠ সম্পাদককে সংবর্ধনা দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/টিআর/এসকে/২০২৯ঘ.