২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাসেলের নামে জিয়া বিমানবন্দরের নাম রাখার প্রস্তাব নাসিম ওসমানের

শেখ রাসেলের নামে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন নামকরণের প্রস্তাব দিলেন জাপা নেতা সাংসদ নাসিম ওসমান। জাতীয় সংসদে সোমবার সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপন বক্তব্যে এ আহ্বান জানান নারায়ণগঞ্জের এ সাংসদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2009, 05:24 PM

Updated : 26 Aug 2022, 11:04 AM

ঢাকা, ফেব্রুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- শেখ রাসেলের নামে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন নামকরণের প্রস্তাব দিলেন জাপা নেতা সাংসদ নাসিম ওসমান। জাতীয় সংসদে সোমবার সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপন বক্তব্যে এ আহ্বান জানান নারায়ণগঞ্জের এ সাংসদ। শেখ রাসেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট সেনাবাহিনীর একাংশের অভ্যুত্থানে পরিবারের আরো অনেকের সঙ্গে নিহত হওয়ার সময় রাসেলের বয়স ছিল প্রায় ১১ বছর। নাসিম ওসমান '৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুর পরিবারের নিহতদের নামের আগে পরম শ্রদ্ধেয় ও পরম শ্রদ্ধেয়া 'উপাধি' দেওয়ারও প্রস্তাব করেন। এদিকে দুর্নীতি দমনে সংসদীয় কমিটি গঠনের আহবান জানান আওয়ামী লীগের সাংসদ আবু বাকের। বঙ্গবন্ধু হত্যা মামলার রায় দ্রুত বাস্তবায়নেরও দাবি করেন আওয়ামী লীগের এই সাংসদ। আরেক জাপা সাংসদ ময়মনসিংহের মোঃ মুজিবুল হক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 'জাতির পিতা' হিসাবে আখ্যায়িত করে বলেন, "এই সংসদ ভবনের দক্ষিণ দিকে একজন সেক্টর কমান্ডার মরহুম জিয়াউর রহমানকে সমাহিত করা হয়েছে। জাতির পিতার কবর গোপালগঞ্জ থেকে তুলে ঢাকায় তাকে পুনর্সমাহিত করা হোক।" রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ জানিয়ে আরো বক্তব্য দেন মোশাররফ হোসেন, বজলুল হক হারুন, আবুল কাশেম, রণজিত রায়, গোলাম ফারুক, আকরাম হোসেন চৌধুরী, আবু বাকের, আনোয়ারুল আশরাফ খান, মনোরঞ্জন শীল গোপাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেআরসি/এমএ/এসকে/২২৫৮ঘ.