রংপুর, ফেব্রুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে রাজনীতি করা উচিত নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
তিনি বলেন, "আমরা গুনীজনদের শ্রদ্ধা জানাতে গিয়ে রাজনীতির উর্ধ্বে উঠতে পারি না। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কারণে বাংলাদেশের জন্ম। তিনি পৃথিবীর বুকে বাংলাদেশকে পরিচিত করেছেন। সে কারণে সারা বিশ্ব জানে- বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। এটা নিয়ে রাজনীতি করা উচিত নয়।"
শনিবার দুপুরে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গুনীজনদের সংবর্ধনা অনুষ্ঠানে এরশাদ এ কথা বলেন।
তিনি বলেন, "সমাজে যার যত অবদান রয়েছে তা স্বীকার করা এবং তার যথাযথ মুল্যায়ন করা আমাদের সকলের দায়িত্ব।"
জাপা চেয়ারম্যান বলেন, "মহান ভাষা আন্দোলনে এ অঞ্চলের মানুষ বিশাল ভূমিকা পালন করেছে। শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, সমাজ সেবা ও সঙ্গীতে রংপুরের যেসব গুনীজন অবদান রেখেছেন তাদেরকে সম্মান জানাতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।"
এরশাদ বলেন, "আমি রংপুরের সন্তান আর আমার বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরের পুত্রবধু। আমরা দুই ভাই-বোন মিলে অবহেলিত রংপুরের উন্নয়নের জন্য কাজ করে যাব।"
রংপুরে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য পৌরসভার উদ্যোগে ১৮ জনকে সম্মাননা দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন- শিক্ষা ক্ষেত্রে অধ্যাপক কলিম উদ্দিন, অধ্যাপক আলীম উদ্দিন, মোফাজ্জল হোসেন, সাহিত্যে কবি নুরুল ইসলাম, ভাষা আন্দোলনে সুফি মোতাহার হোসেন, শাহ আব্দুর রাজ্জাক, মীর আনিসুল হক পেয়ারা, ক্রীড়ায় আকমল হোসেন তাজ, নাজমুল হক মন্টু, নাটকে আশুতোষ দত্ত, মনোয়ার হোসেন, চিকিৎসায় ডা. হোমায়রা বেগম ও ডা. সামসুল হক, সমাজ সেবায় বেগম ফজিলাতুন্নেছা বুলু আপা, মালেকা আশরাফ এবং সঙ্গীতে সিরাজউদ্দিন ও খাদেমুল ইসলাম বসুনিয়া ।
পৌরসভার মেয়র আব্দুর রউফ মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় আরও বক্তব্য রাখেন- এরশাদের স্ত্রী ও জাপার প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ ।
সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও বিভাগীয় প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন এরশাদ। তিনি হাসপাতালের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আজিজুল ইসলাম, সিভিল সার্জেন ডা. শাহাদত হোসেন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০১ ঘ.
bdnews24