ঢাকা ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সংসদ নেতা স্পিকারকে নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রতিবাদ সভায় তিনি এ অভিযোগ করেন।
জাতীয় প্রেস ক্লাব ভিআইপি লাউঞ্জে ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তীর 'কটাক্ষমূলক' বক্তব্যের প্রতিবাদে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) যুব সংগঠনের উদ্যোগে এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে দেলোয়ার সংসদে আসন পুনর্বিন্যাস নিয়ে বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সমালোচনা করেন।
দেলোয়ার বলেন,''আসন বিন্যাস নিয়ে প্রধানমন্ত্রীর গতকালের বক্তব্য থেকে মনে হচ্ছে তিনি বিরোধী দল সংসদে ফিরে আসুক তা চাচ্ছেন না। স্পিকার বিরোধী দলকে আশ্বাস দিয়েছেন আসন বিষয়ে সমাধান দেবেন। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিন্ন সুরে কথা বলছেন। তার বক্তব্য শুনে মনে হচ্ছে, সংসদ নেতা স্পিকারকে নিয়ন্ত্রণ করছেন।''
সংসদে যোগ দেওয়ার বিষয়ে বিএনপির আগ্রহের কথা উল্লেখ করে তিনি বলেন,'' আসন সমস্যার সমাধান হলে বিএনপি সংসদে ফিরে যেতে চায়। গঠনমূলক ভূমিকা রেখে সরকারকে সহযোগিতা করবে। কিন্তু সরকারি দলকে সেই পরিবেশ তৈরি করতে হবে।''
বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে শেখ হাসিনা বিরোধী দলের জন্য প্রথম সারিতে ৪টি আসন বরাদ্দ আনুপাতিক হারে যথেষ্ট বলে তাদের অধিবেশন থেকে বিরত থাকার কঠোর সমালোচনা করেন।
ট্র্যানজিটের বিরোধিতা করে বাংলাদেশের কিছু রাজনৈতিক দলের বক্তব্যকে ভারতীয় হাইকমিশনারের 'আল-ফাল' কথা বলে আখ্যায়িত করা কূটনৈতিক শিষ্টাচার-বর্হিভূত বলে সমালোচনা করেন দেলোয়ার।
জাগপার সভাপতি শফিউল আলম প্রধান ওই বক্তব্যের জন্য ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কার করার দাবিও করেন। ট্র্যানজিট প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন যুব জাগপা'র আহবায়ক শিকদার মোহাম্মদ রফিক। প্রতিবাদ সমাবেশে বিএনপির আমান উল্লাহ আমান, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জাগপার কেন্দ্রীয় নেতারাও বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২০০২ঘ.
bdnews24