২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চম সংশোধনী মামলার শুনানি তিন সপ্তাহ মুলতবি

সংবিধানের পঞ্চম সংশোধনীকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি তিন সপ্তাহের জন্য মুলতবি করেছে সুপ্রিম কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2009, 02:30 PM

Updated : 26 Aug 2022, 11:03 AM

ঢাকা, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানের পঞ্চম সংশোধনীকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি তিন সপ্তাহের জন্য মুলতবি করেছে সুপ্রিম কোর্ট। বুধবার প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সরকারের সময় চেয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, "আপিলের শুনানির প্রস্তুতির জন্য চার সপ্তাহের জন্য সময় চাওয়া হয়। আদালত তিন সপ্তাহ সময় মঞ্জুর করেছে।" সরকার পক্ষে সময় চেয়ে আবেদনটি দাখিল করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম. ইনায়েতুর রহিম। অপরপক্ষে ছিলেন আজমালুল হোসেন কিউসি। ২০০৫ সালের ২৯ আগস্ট বিচারপতি এবিএম খায়রুল হক ও বিচারপতি এটিএম ফজলে কবিরকে নিয়ে গঠিত বেঞ্চ সংবিধানের পঞ্চম সংশোধনীকে অবৈধ ঘোষণা করে। হাইকোর্টের রায়ে ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৭৯ সাল পর্যন্ত খন্দকার মুসতাক আহমেদ, আবু সাদাত মোহাম্মদ সায়েম এবং জিয়াউর রহমানের শাসনকে বেআইনি ঘোষণা করা হয়। রায়ে আরো বলা হয়, সামরিক আইন সামগ্রিকভাবে অবৈধ ও অসাংবিধানিক এবং সামরিক আইনের অধীনে তৈরি সব আইন ও বিধিও অবৈধ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৯১ সালের জাতীয় নির্বাচনের পূর্ব পর্যন্ত সরকার পরিবর্তন সংবিধানসম্মতভাবে হয়নি বলে রায়ে অভিমত দেয়া হয়। ১৯৭৭ সালের ৭ নম্বর মার্শাল ল রেগুলেশন (এমএলআর) চ্যালেঞ্জ করে দায়ের করা একটি রিট মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ওই রায় দিয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/টিআর/২০২৮ঘ.