ঢাকা, ফেব্রুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন পুনর্বিন্যাসের দাবিতে সংসদে যোগ না দেওয়ায় বিরোধী দলের কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতীয় সংসদে বুধবার প্রধানমন্ত্রী তার সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্বে অষ্টম জাতীয় সংসদে প্রাপ্ত আসনের সংখ্যানুপাতে আওয়ামী লীগকে প্রথম সারিতে ছয়টি আসন দেওয়ার কথা উল্লেখ করে বলেন, "যা তারা (বিএনপি) দিতে পারেনি, তা চাইবার অধিকার কি তাদের আছে? তারা তা চায় কোন মুখে? কোন লজ্জায়?"
এ সময় তিনি বিএনপিকে প্রথম সারিতে চারটি আসন দেওয়া বেশি হয়ে গেছে বলেও মন্তব্য করেন।
শেখ হাসিনা স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমের এক প্রশ্নের জবাবে বলেন, "এভাবে সবাই মিলে প্রশ্ন করলে, সবাই মিলে কাজ করলে সংসদ কার্যকর হবে।"
সম্পূরক প্রশ্নে ফজলুল আজিম প্রধানমন্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন, সংসদ কার্যকর করতে সরকার সব ব্যবস্থা নেবে কি না।
একই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী দাবি করেন তার সরকারের সময়ই সপ্তম জাতীয় সংসদকে কার্যকর করার সব ব্যবস্থা নেওয়া হয়েছিল। এখনও মহাজোট সরকার সংসদকে কার্যকর করতে 'সব ব্যবস্থা নিয়েছে'।
সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকার আসন বণ্টন নিয়ে এই সমস্যার সৃষ্টি করেছেন অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, "মাননীয় স্পিকার আপনিই দেখেন সামনের সিটগুলো; আমরা ২৩২ টি সিট পেয়েছি। দশ শতাংশ ধরলেও প্রথম সারির ২৩টি সিটে আওয়ামী লীগের সংসদ সদস্যদের বসার কথা। কিন্তু, ১৯ টি সিটে আওয়ামী লীগের সদস্যরা রয়েছেন।"
বিরোধীদলের সমালোচনা করে প্রধানমন্ত্রী আরো বলেন, "বিরোধীদল সংসদে আসছে না। বাইরে সিট ভাগাভাগি নিয়ে কথা বলছে। মনে হচ্ছে, এটা যেন স্কুল ঘর, সামনের সিট না দিলে আসবে না। সামনের বেঞ্চে বসতে না দিলে ক্লাস করবো না।"
শেখ হাসিনা বলেন, "একক দল হিসাবে বিএনপি ৩০টি আসনও পায়নি। এই হিসাবে তো তাদের বেশী আসন পাওয়ার কথা নয়। যতটুকু তারা নিজেরা দিতে পারেনি তা তারা দাবি করে কিভাবে? তারপরও আপনি (স্পিকার) তাদের প্রথম সারিতে চারটি সিট দিয়েছেন।"
ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল, সাম্যবাদী দল এবং জাতীয় পার্টির সাংসদদের তৃতীয় ও চতুর্থ সারিতে বসার ব্যবস্থা করে নিজ দলের সাংসদদের প্রথম ও দ্বিতীয় সারিতে বসার ব্যবস্থা করে সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকার 'গোলযোগের সৃষ্টি করেছেন' অভিযোগ করেন শেখ হাসিনা।
"এই সূত্র ধরেই বিরোধীদল সংসদে আসবে না- এটা কেমন কথা, আপনিই বলেন? আপনি কাকে সরাবেন? সবাই তো অন্যান্য দলের নেতা। আপনি তো তাদের প্রথম সারিতে চারটা দিয়েছেন। তাদের তো বেশিই দিয়েছেন", স্পিকারের উদ্দেশে বলেন হাসিনা ।
প্রধানমন্ত্রী দাবি করেন, "ভাগে আমরাই কম পেয়েছি। আমরা তো উদারতা দেখিয়েছি। অন্য দলকে সমান সম্মান দেখিয়ে সামনের সিট দেওয়া হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেআরসি/এএল/এইচএ/২০১০ ঘ.
bdnews24