ঢাকা, ফেব্রুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নব নির্বাচিত রাষ্ট্রপতি জিল্লুর রহমান খাদ্য সমস্যাকে বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করেছেন।
তিনি বলেন, "বাংলাদেশে সমস্যার কোন অন্ত নেই, তবে এরমধ্যে খাদ্য সমস্যা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।"
রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন বুধবার বিকেল চারটার পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা ৭৯ বছর বয়সী সংসদ উপনেতাকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দেন।
পরে বিকেল পাঁচটার দিকে গুলশানে আইভি টাওয়ারে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানান জিল্লুর রহমান ।
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার সামনে বড় চ্যালেঞ্জ কী হবে- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে প্রবীণ এই নেতা বলেন, "খাদ্য ও বেকার সমস্যা একটি বড় চ্যালেঞ্জ। তবে সমস্যার কোন অন্ত নেই; এরমধ্যে খাদ্য সমস্যাটাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।"
মানুষের কল্যাণে সবকিছু উজাড় করে কাজ করে যাওয়ার আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, "মানুষ ভালোবেসে, বিশ্বাস ও আস্থা রেখে যে গুরুদায়িত্ব আমাকে দিয়েছে, আমি যেন সৎভাবে, গণতান্ত্রিক পন্থায় এ দায়িত্ব পালন করতে পারি- এই আমার কামনা।
"মানুষের কল্যাণে রাজনীতি করেছি, জেল খেটেছি। এখনো মানুষের কল্যাণে আমার সবকিছু দিয়ে কাজ করে যাব। যে লক্ষ্য ও আদর্শ নিয়ে সারা জীবন কাজ করেছি তা থেকে একটুও বিচ্যুত হব না"
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর কেমন লাগছে- জানতে চাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর হিসেবে পরিচিত জিল্লুর বলেন, "আমি অত্যন্ত আনন্দিত। প্রতিটি মুহূর্তে এই গুরু দায়িত্ব নিয়ে আমি শঙ্কিত। আমার যতটুকু ক্ষমতা রয়েছে তা দিয়ে দায়িত্ব পালন করে যেতে কখনোই পিছপা হবো না।"
বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন।
এ মুহূর্তে নতুন সরকারের জন্য কোন পরামর্শ আছে কি না- জানতে চাওয়া হলে জিল্লুর রহমান বলেন, "সে আমি গিয়ে দেখবো। তবে যতটুকু করবো মানুষের কল্যাণের জন্য করবো।"
এদিকে, বিকেলে নির্বাচন কমিশন আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দেওয়ার পর অভিনন্দন জানাতে গুলশানে তার বাসার সামনে মানুষের ঢল নামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএল/জিএনএ/এইচএ/১৯৩৬ঘ.
bdnews24