ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধির সঙ্গে সাক্ষাতের সময় তত্ত্বাবধায়ক সরকারের ১০০ দিনের কর্মসৃজন কর্মসূচিতে দুর্নীতির অভিযোগ পুনর্ব্যক্ত করলেন খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক।
এসময় বিগত জোট সরকারের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি ।
বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি জিয়ান ঝু মঙ্গলবার খাদ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
খাদ্যমন্ত্রী তাকে বলেন, এই অনিয়ম ও দুর্নীতির তথ্য অনুসন্ধানে এরই মধ্যে তার মন্ত্রণালয় কাজ শুরু করে দিয়েছে।
সাক্ষাতের পর খাদ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, " দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষকে সামাজিক নিরাপত্তার আওতায় আনার জন্য বেশ কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। কিন্তু এসব প্রকল্পের অনিয়ম ও দুর্নীতি সীমা ছাড়িয়ে গেছে।"
আবদুর রাজ্জাক বলেন, বিশ্বের অন্যান্য দেশ সামাজিক নিরাপত্তা খাতে দুর্নীতি বন্ধে যেসব ব্যবস্থা নিয়ে থাকে, তা খতিয়ে দেখা হচ্ছে। এখানেও একই রকম পদক্ষেপ নেওয়া হবে। এক্ষেত্রে কাউকে কোন ছাড় দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
বিশ্বব্যাংক প্রতিনিধি জিয়ান ঝু সাংবাদিকদের জানান, বাংলাদেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক নিরাপত্তা খাতে বিশ্ব ব্যাংেকর সহায়তা অব্যাহত থাকবে। এ ব্যাপারে মন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিআর/এসকে/২০৩৫ঘ.
bdnews24