ঢাকা, ফেব্রুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বিরোধী দলের নেতা-কর্মীদের 'নির্যাতনের' বিরুদ্ধে ঢাকায় একটি কনভেনশন করার কথাও ঘোষণা দেন তিনি।
সোমবার রাতে খালেদা জিয়া তার গুলশানের কার্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতাদের উদ্দেশে এসব কথা বলেন।
তিনি নেতাদের উদ্দেশে বলেন, "বিএনপি এই বছরটিকে সাংগঠনিক বছর হিসেবে দেখছে। তৃণমূল থেকে সব পর্যায়ের কমিটিগুলো নির্বাচনের মাধ্যমে হবে। সব ভেদাভেদ ভুলে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে হবে।"
জাতীয় সংসদে 'গঠনমূলক ভূমিকা' পালনের আগ্রহ প্রকাশ করে বিরোধী দলের নেতা খালেদা জিয়া বলেন, "আমরা সংসদে যেতে চাই। কিন্তু সরকারি দল চায় না বিরোধী দল সংসদে থাকুক। তারা এমন পরিস্থিতির সৃষ্টি করছে যাতে বিরোধী দল সংসদে গঠনমূলক ভূমিকা পালন করতে না পারে।"
বিএনপি এই মুহূর্তে সারা দেশের তৃণমূল নেতাদের ডেকে পরাজয়ের কারণ অনুসন্ধান করলেও খালেদা জিয়া আবারো অভিযোগ করেন, গত ২৯ ডিসেম্বরের নির্বাচনে সারা দেশে বিএনপি প্রার্থীদের ষড়যন্ত্র করেই পরাজিত করা হয়েছে।
'আশির দশকের ছাত্রনেতা' এই সংগঠনের ব্যানারে অর্ধশতাধিক নেতা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ফেরদৌস আহমেদ খোকনের সভাপতিত্বে তিন ঘণ্টার এই মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, শাহজাহান মিয়া সম্রাট, সারোয়ার আজম খান, তাপস পাঠান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২৩২৫ঘ.
bdnews24