ঢাকা, ফেব্রুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বিএনপি ও তার মিত্র দলগুলো আবারো বলেছে, বিগত স্পিকারের আসনবিন্যাস পুনর্বহাল না করলে তারা সংসদ অধিবেশনে যোগ দেবে না ।
এছাড়া সংসদীয় কমিটির জন্য বিরোধী দলের প্রস্তাব করা নামগুলো পরিবর্তন না করার ব্যাপারেও নিশ্চয়তা চেয়েছে বিরোধী দলগুলো।
সোমবার বিকেলে বিএনপি'র সংসদীয় দলের সভার পর বিরোধী দলের প্রধান হুইপ জয়নাল আবেদিন ফারুক এক সংবাদ ব্রিফিংয়ে এই সিদ্ধান্তের কথা জানান।
সংসদ ভবনে বিরোধী দলীয় উপনেতার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই সভার পর জয়নাল আবেদিন ফারুক বলেন, "আমাদের আসনগুলো পুনর্বহাল করার ব্যাপারে স্পিকার সুনির্দিষ্টভাবে ঘোষণা দিলে আমরা সংসদে যাওয়ার বিষয়টি বিবেচনা করব। আর তা না হলে আমরা সংসদের অধিবেশনে যাবো না। যোগদান থেকে বিরত থাকবো।"
এর কয়েকঘন্টা আগে দুপুরে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরি তারা এ অধিবেশনেই সংসদে যেতে চান জানিয়েও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একই সঙ্গে বলেছিলেন, আসন পুনর্বিন্যাসের সুরাহা না হলে সংসদে বিএনপিসহ বিরোধী দলের সদস্যদের এ অধিবেশনে যোগ দেওয়া সম্ভব হবে না।
জয়নাল আবেদিন ফারুক জানান, সংসদীয় কমিটিগুলো গঠনের জন্য বিরোধী দলের সদস্যদের যে তালিকা চাওয়া হয়েছে, সেখানে প্রস্তাব করা নাম পরিবর্তন হবে না, এই মর্মেও নিশ্চয়তা চেয়েছেন তারা।
বিরোধী দলের প্রধান হুইপ এর আগে সংসদের বিশেষ কমিটিতে সালাউদ্দিন কাদের চৌধুরি ও এম কে আনোয়ারের নাম প্রস্তাব করা হলে সেখান থেকে সালাউদ্দিন কাদের চৌধুরীর নাম বাদ দেওয়ার কথা উল্লেখ করেন।
বিকাল সাড়ে ৪টার দিকে জ্যেষ্ঠ সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীর সভাপতিত্বে বিএনপি'র সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়।
এই সভায় সংসদের প্রধান হুইপের পাঠানো দুইটি চিঠি এবং স্পিকার আব্দুল হামিদের সঙ্গে বিএনপি'র একটি প্রতিনিধি দলের রোববার রাতের সাক্ষাতের বিষয়ে আলোচনা হয়।
ব্রিফিংয়ে জয়নাল আবেদীন ফারুক আরো বলেন, "আমরা সংসদে ফিরে যেতে চাই, স্পিকারের সঙ্গে সাক্ষাতে এই বিষয়টি আমরা জানিয়েছি। তবে তিনি সুনির্দিষ্টভাবে আসন পুনর্বিন্যাসের বিষয়ে কিছুই বলেননি।"
তিনি আরো জানান, ৩৭টি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ও অন্য ১১টি সংসদীয় কমিটিতে বিরোধী দলের সদস্যের নাম চেয়ে সংসদের প্রধান হুইপ আব্দুস শহীদ তাদের চিঠি দিয়েছেন। ১৫ জনের কমিটির জন্য দুই জন এবং ১০ থেকে ১২ জনের কমিটির জন্য একজনের নাম চাওয়া হয়েছে।
একইভাবে চারটি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদের জন্য চারটি নাম চেয়েছে সরকারি দল। এর আগে দেশে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদ কখনোই বিরোধীদলকে দেওয়া হয়নি।
এ ব্যাপারে জয়নাল আবেদীন ফারুক সাংবাদিকদের বলেন, কোন কোন মন্ত্রণালয়ের সভাপতির পদ বিরোধী দলকে দেওয়া হবে, তা সুনির্দিষ্টভাবে জানালেই নাম দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।
সভায় সারাদেশে দলীয় নেতা কর্মীদের ওপর হামলা-নির্যাতন ও চাঁদপুর-৪ আসনের সাংসদ লায়ন মো. হারুনুর রশিদের গাড়ি ভাংচুর করার নিন্দা জানানো হয়।
এই বৈঠকে শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, জাফরুল ইসলাম চৌধুরী, অধ্যাপক জয়নাল আবেদীন, মোশাররফ হোসেন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সাংসদরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কিউএইচ/এসকে/২০৩৫ঘ.
bdnews24