২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের বিচারে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে: সাকা চৌধুরী

যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে একমত পোষণ করে বিএনপির সিনিয়র নেতা ও সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছেন, এ ব্যাপারে তার দলের পক্ষ থেকে সরকারকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2009, 03:53 PM

Updated : 26 Aug 2022, 11:02 AM

কিশোরগঞ্জ, ফব্রেুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে একমত পোষণ করে বিএনপির সিনিয়র নেতা ও সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছেন, এ ব্যাপারে তার দলের পক্ষ থেকে সরকারকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। স্থানীয় পাগলা মসজিদে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখার পর সাংবাদিকদের তিনি বলেন, "যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে আমি শুধু একমতই নই, সরকারের এ অঙ্গীকার বাস্তবায়নে আমাদের পক্ষ থেকে যতটা সহযোগিতা প্রয়োজন, আমরা তা করতে প্রস্তুত।" সংসদ বর্জন সম্পর্কে তিনি বলেন, "আমরা সংসদ বর্জন করছি না। আমরা সংসদে নোটিশ জমা দিচ্ছি। আমাদের অধিকাংশ আসন দখল হয়ে গেছে। নতুন স্পিকার এসে আমাদের আসন দখল করে নিয়েছেন।" তিনি বলেন, "আমরা নিশ্চয়ই সংসদে যাব। কথা বলব সংসদের ভিতরে ও বাইরে। তবে সংসদের বাইরে থেকে কথা বলা যাবে না, এমন কোনো কথা নেই।" সাকা চৌধুরী বলেন, "বিএনপি একটি বিশাল দল। একদিকে ভাঙবে, অন্যদিকে গড়বে, এটাই নিয়ম।" গত নির্বাচনে বিএনপির বিশাল পরাজয়ের জন্য জামায়াতে ইসলামী দায়ী কিনা, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, খেলাধূলার মতো নির্বাচনে হেরে গেলে অনেক কিছুকেই দায়ী করা হয়ে থাকে। বিকালে তিনি কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়ন বিএনপির সভাপতি মরহুম জিল্লুর রহমান স্মরণে বানিয়াগ্রাম উলুম দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক শোকসভা ও দোয়া মাহফিলে অংশ নেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাবেক এমপি অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান, সাবেক ছাত্রনেতা শহীদুজ্জামান কাকন, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক ও খালেদ সাইফুল্লাহ সোহেল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/২১৩৩ঘ.