২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাবধায়ক সরকারের সব কাজের বৈধতা দিচ্ছেনা সরকার

তত্ত্বাবধায়ক সরকারের গত দুই বছরের শাসনামলকে 'ডকট্রিন অব নেসেসিটি' বা সময়ের প্রয়োজন বলে অভিহিত করেছেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। তবে তিনি বলেন, তাদের সব কাজের বৈধতা বর্তমান সরকার দিচ্ছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2009, 01:00 PM

Updated : 26 Aug 2022, 11:02 AM

ঢাকা, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তত্ত্বাবধায়ক সরকারের গত দুই বছরের শাসনামলকে 'ডকট্রিন অব নেসেসিটি' বা সময়ের প্রয়োজন বলে অভিহিত করেছেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। তবে তিনি বলেন, তাদের সব কাজের বৈধতা বর্তমান সরকার দিচ্ছে না। আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে বৃহস্পতিবার নিয়মিত সাপ্তাহিক ব্রিফিং-এ আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, "কার্যপরিধির মধ্যে থেকে জনহিতকর যেসব অধ্যাদেশ জারি করা হয়েছে, সরকার কেবল সেগুলোরই বৈধতা দেবে।" তিনি বলেন, "তাদের সব কাজ যে সংবিধানসম্মত ছিল, তা বলা যাবে না। তারা সংবিধানের কাছাকাছি থেকে কাজ করার চেষ্টা করেছেন। তারা যা করেছেন, তা সময়ের প্রয়োজনে করেছেন। তবে তাদের কোন কাজে বা অধ্যাদেশের কারণে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, সেক্ষেত্রে আইন নিজের গতিতে চলবে। এতে সরকার হস্তক্ষেপ করবে না।" দু' বছরের শাসনামলের বৈধতা প্রসঙ্গে ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, "শুধু এই দু'বছরই নয়, এর আগেও কয়েকবার আমরা সংবিধান বহির্ভূত শাসনের অধীনে ছিলাম। ১৯৭৫ ও ১৯৮২ সালের পর অনেকদিন আমরা অসাংবিধানিক সরকারের অধীনে ছিলাম। কিন্তু আমরা সেগুলোর বিচার করতে পারিনি। এক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান এবং ছবিসহ ভোটার তালিকা তৈরির জন্য কিছু বেশি সময় নিয়েছে। সময়ের প্রয়োজনেই এসব কাজকে বৈধতা দিতে হবে।" বিএনপি-ঝামায়াত জোট সরকারের আমলে স্থায়ী নিয়োগ বঞ্চিত ১০ বিচারপতির নিয়োগের প্রক্রিয়া প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, এ নিয়োগের বিষয় নিয়ে আদালতের রায়ের ব্যাপারে সরকারের একটি আপিল বিচারাধীন রয়েছে। তবে সরকার সিদ্ধান্ত নিয়েছে এ আপিলটি পরিচালনা না করার। এক্ষেত্রে আদালতের নির্দেশনা অনুযায়ী তাদের নিয়োগের প্রক্রিয়া শুরু করা হবে। এসব বিচারপতিকে জেষ্ঠ্যতাসহ স্থায়ী নিয়োগ দেয়া হবে কিনা-এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "এ ব্যাপারে আদালতের সিদ্ধান্তের অপেক্ষা করা হচ্ছে। আদালত যেভাবে নির্দেশনা দেবে, সেভাবেই সিদ্ধান্ত নেওয়া হবে।" বিচার বিভাগে বিচারক সংকট নিরসনে নতুন বিচারপতি নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, ১০ বিচারপতির নিয়োগের বিষয়টি নিশ্চিত করার পরই নতুন বিচারপতি নিয়োগের উদ্যোগ নেয়া হতে পারে। কারণ, নতুন বিচারপতি নিয়োগের পর তাদের অনেক সুযোগ-সুবিধা দিতে হয়। এর আগে নিয়োগ পাওয়া ছয় বিচারপতির সুযোগ-সুবিধাই নিশ্চিত হয়নি বলে তিনি জানান। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের বিরুদ্ধে কথিত দুর্নীতির অভিযোগের তদন্ত বা বিচারের উদ্যোগ নেয়া হবে কিনা জানতে চাইলে ব্যারিস্টার শফিক আহমেদ কোন মন্তব্য না করে দুর্নীতি দমন কমিশনকে আরো শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান। তিনি বলেন, প্রয়োজনে দুদকের আইনেও সংশোধনী আনা হবে। জরুরি ক্ষমতা আইনে রাজনীতিকদের গ্রেফতার ও তাদের ওপর চালানো নির্যাতনের ব্যাপারে তদন্ত বা বিচারের উদ্যোগ নেয়া হবে কিনা-এই প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ ব্যাপারে আইন মন্ত্রণালয়ের কিছুই করার নেই। যেহেতু সংসদ চালু রয়েছে, তাই সংসদ চাইলে কমিটি গঠন করে এ বিষয়ে তদন্ত করতে পারে। সেক্ষেত্রে সবকিছু সংসদই নির্ধারণ করে দেবে। যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে তিনি বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী, তাদের বিচার করা যেতে পারে। তবে প্রধানমন্ত্রী এ ব্যাপারে জাতিসংঘের সহায়তা চাওয়ার কথা বলেছেন। তাদের সহায়তা নিয়েই সবকিছু চূড়ান্ত করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিআর/এইচএ/১৮৫৫ঘ.