২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর ও শুল্ক কাঠামো ঢেলে সাজানো হবে: এনবিআর চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ বলেছেন, নতুন বাজেটে কর্মসংস্থান ও উৎপাদন বাড়াতে কর ও শুল্ক কাঠামো ঢেলে সাজানো হবে। তিনি জানিয়েছেন, দারিদ্র্য বিমোচন ও ব্যবসা-বাণিজ্য সহায়ক পরিবেশ সৃষ্টিই হবে আগামী ২০০৯-১০ অর্থবছরের জাতীয় বাজেটের মূল দর্শন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2009, 11:18 AM

Updated : 26 Aug 2022, 11:01 AM

ঢাকা, ফেব্রুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ বলেছেন, নতুন বাজেটে কর্মসংস্থান ও উৎপাদন বাড়াতে কর ও শুল্ক কাঠামো ঢেলে সাজানো হবে। তিনি জানিয়েছেন, দারিদ্র্য বিমোচন ও ব্যবসা-বাণিজ্য সহায়ক পরিবেশ সৃষ্টিই হবে আগামী ২০০৯-১০ অর্থবছরের জাতীয় বাজেটের মূল দর্শন। সোমবার দুপুরে এনবিআর দপ্তরে কৃষি, মৎস্য ও পশুসম্পদ খাতের প্রতিনিধিদের সঙ্গে প্রাক-বাজেট মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এনবিআর চেয়ারম্যান বলেন, "নতুন বাজেটে শুল্ক কাঠামোকে পণ্য ও খাতভিত্তিক সুষম করা হবে। করারোপ, করপ্রদান, করসংগ্রহ প্রক্রিয়া অধিকতর সহজ করা হবে। করদাতা ও ব্যবসা-বাণিজ্যের জন্য বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে।" এছাড়া শুল্ক ও কর সংক্রান্ত আইন,বিধি ও নীতিমালায় দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনা হবে বলে জানান তিনি। মোহাম্মদ আবদুল মজিদ বলেন, "দারিদ্র্য বিমোচনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কর্মসংস্থান সৃষ্টির উপায় এবং শিল্প ও ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগকে উৎসাহিত করাই হবে আগামী অর্থবছরের বাজেটের মূল দর্শন। এ জন্য শুল্ক কাঠামোয় রেয়াত প্রণোদনা দেওয়া হবে।" তিনি আরো বলেন, "জাতীয় পুঁজির বিকাশ ও কল্যাণমুখী অর্থনীতির সমন্বয় সাধনে নতুন বাজেটে মূলধনী যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানি পদ্ধতি পুনর্বিন্যাস করা হবে। এছাড়া বিলাসবহুল ও অপ্রয়োজনীয় পণ্য আমদানিও নিরুৎসাহিত করা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এজে/এইচএ/১৭১৬ ঘ.