ঢাকা, ফেব্রুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- সেনা বাহিনী আর যাতে রাষ্ট্রীয় কর্মকাণ্ডে হস্তক্ষেপ করতে না পারে সেজন্য এই মুহুর্তেই ব্যবস্থা নেওয়ার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাংসদ মহীউদ্দিন খান আলমগীর।
তিনি বলেন, "আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সিপাহী-শান্ত্রী হাতে বন্দুক পেয়ে আর যাতে রাষ্ট্রের মালিক হয়ে না যায় তা নিশ্চিত করতে হবে। না হলে আগামী প্রজন্ম আমাদের মাফ করবে না।"
রাষ্টপতির ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দিতে গিয়ে মহীউদ্দিন খান আলমগীর একথা বলেন।
এই মুহূর্তে ব্যবস্থা না নিলে দুর্নীতি দমন কমিশন (দুদক) 'দুর্নীতির আখড়ায় পরিণত' হবে এবং দুদকের কার্যক্রম যাচাই করার জন্য সংসদীয় কমিটি গঠনের আহবান জানিয়ে সাবেক এই পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রশ্ন রাখেন, "কোন ক্ষমতা বলে কর্মচারী দিয়ে দুদক সাবেক প্রধানমন্ত্রীর কার্যক্রম সমীক্ষা করেছে? দুদকের চেয়ারম্যানের নিয়োগ কি সঠিক ছিলো? তারা যেসব মামলা করেছে তা কি সঠিক ছিলো? দুদক কোন অধিকার বলে তাদের পাবলিক প্রসিকিউটরদের পারিতোষিক দিয়েছে?"
দুদকের কর্মকর্তাদের সম্পত্তির হিসাব নেওয়ার দাবি জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, "১৮ জনের মধ্যে কোন আইনে নিরাপত্তা বাহিনী থেকে ১২ জন পরিচালক নেওয়া হয়েছে। সততার মানদণ্ড কি শুধুই নিরাপত্তা বাহিনী? আক্ষরিক অর্থেই দুদক দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে।"
মহীউদ্দিন খান আলমগীর তার বক্তব্যে দুদকের চেয়ারম্যান হাসান মশহুদকে 'নির্লজ্জ' হিসেবে আখ্যায়িত করেন।
তত্ত্বাবধায়ক সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, "বিদ্যুত উৎপাদন একটুও না বাড়িয়ে সংবিধান লংঘন করে সিটিজেন চার্টার উপস্থাপন করা হয়েছে। একদিকে বেটার বিজনেস ফোরাম গঠন করা হয়েছে, আর অন্যদিকে ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে টাকা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। সংবিধানের নামে কাউকে টাকা লুটের অধিকার দেওয়া হয়নি।"
বিচার বহির্ভূতভাবে ২৩৭ জনকে যারা হত্যা করেছে তাদের বিচারের বাইরে রাখা হয়েছে বলেও মহীউদ্দিন খান আলমগীর দাবি করেন।
তিনি বলেন, "আমাকে ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মাধ্যমে সেনাবাহিনীর একদল সদস্য চেয়েছেন নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠিত করতে। আমাকে বলা হয়েছিলো আমি যদি আমাদের নেত্রীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেই তাহলে বাড়িতে চলে যেতে দেওয়া হবে। আমি জানতে চেয়েছিলাম, আমি মিথ্যা সাক্ষী না দিলে কী হবে? এর জবাবে বলা হয়েছিলো, আমার স্ত্রী ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হবে।"
তিনি বলেন, "সংবিধান লংঘনের জন্য রাষ্ট্রপতির বিচার হওয়া দরকার।"
তিনি বলেন, "তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতি দমনের নামে রাজনীতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছিল। গরীবি হটানোর নামে গরীব হটানো হয়েছে।"
তিনি আরো বলেন, ফখরুদ্দীন আহমদ বাংলাদেশ ব্যাংকের গভর্নর থাকাকালে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি টাকা বিদেশে পাচার করা হয়েছে।
রাষ্ট্রপতির ভাষণের ওপর আরো বক্তব্য রাখেন আসাদুজ্জামান নূর, এ বি এম গোলাম মোস্তফা, আবু জাহির, এ এইচ মাহমুদ আলী, এম এ মান্নান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেআরসি/টিআর/১১১৩ ঘ.
bdnews24