ঢাকা, ফেব্রুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
দপ্তর সম্পাদক রিজভী আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হওয়া এ বৈঠকে জাতীয় স্থায়ী কমিটির ১১ সদস্যের মধ্যে নয় জন উপস্থিত আছেন।
নবম জাতীয় সংসদ নির্বাচনে ফলাফল বিপর্যয়ের পর দল পুনর্গঠনের জন্য বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী এ ফোরামের বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনার কথাও জানান তিনি।
এতে চেয়ারপার্সন খালেদা জিয়া সভাপতিত্ব করছেন।
বর্তমানে বিএনপি চেয়ারপারসনসহ দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সংখ্যা ১১।
এদের মধ্যে এম সাইফুর রহমান, খোন্দকার দেলোয়ার হোসেন, ড. খন্দকার মোশরাররফ হোসেন, চৌধুরী তানভীর আহমেদ সিদ্দীকী, ব্যারিস্টার মওদুদ আহমেদ, অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন, অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাহবুবুর রহমান ও এম শামসুল ইসলাম উপস্থিত রয়েছেন।
এদিকে, বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন রোববার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিএনপির পুনর্গঠনের কাজ শুরু করেছেন খালেদা জিয়া। তৃণমূল পর্যায় থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত দলের পুনর্গঠন হবে। আজকের (রোববার) এ বৈঠকে পুনর্গঠন বিষয়ক কিছু সিদ্ধান্ত নেবেন খালেদা জিয়া।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এফএফ/এসকে/এএল/এইচএ/১৯৫৫ ঘ.
bdnews24