ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-জামায়াতে ইসলামীর এক সিনিয়র নেতা যুদ্ধাপরাধের অভিযোগ অস্বীকার করে বলেছেন, একটি রাজনৈতিক দলকে এর রাজনৈতিক সিদ্ধান্তের জন্য অপরাধী হিসেবে অভিযুক্ত করা যায় না।
জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ শনিবার এক টেলিভিশন সাক্ষাতকারে বলেন,"এটা ছিল রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। রাজনৈতিক সিদ্ধান্ত ভুল হতে পারে। সেটা তো যুদ্ধাপরাধ হতে পারে না।"
তিনি বলেন, "যুদ্ধাপরাধ বলতে যা বোঝায় সে রকম কর্মকাণ্ডের সঙ্গে আমরা কেউ জড়িত ছিলাম না।"
মুজাহিদ বলেন, "আমরা বিভিন্ন সময় বক্তব্য দিয়েছি। দরকার হলে, যদি মনে করি, আরও স্পষ্ট বক্তব্য দেওয়া দরকার তাহলে আমরা তা দেব।"
আপনারা কি ক্ষমা চাইবেন? এ প্রশ্নের জবাবে মুজাহিদ বলেন, "সেটা সময় হলে বলব।"
তিনি আরও বলেন, "দরকার হলে, যদি অনুভব করি, আরও স্পষ্ট করে বলব।"
রক্ষণাত্মক ভঙ্গিতে তিনি আরও বলেন, শুধু জামায়াতে ইসলামী নয়, স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল মুসলিম লীগও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআইকে/ডিডি/টিআর/১৩৩২ঘ.
bdnews24