পটুয়াখালী, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী বছরের মাঝামাঝি সময়ে (মে-জুন) উপকূলীয় এলাকায় স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার পটুয়াখালী জেলা প্রশাসক দরবার হলে এক মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন একথা জানান।
এর আগে মার্চে ঢাকা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কমিশনকে ব্যস্ত থাকতে হবে বলে তিনি জানান।
নির্বাচনে অযৌক্তিকভাবে 'কারচুপির অভিযোগ' তোলা বন্ধে আইন করা হচ্ছে জানিয়ে সাখাওয়াত বলেন, "নির্বাচনে যারা হেরে যায় তারা অভিযোগ করে যে কারচুপি হয়েছে। কেউ যেন আর এ অভিযোগ করতে না পারে সেজন্য বিকেল তিনটার আগে ভোটকক্ষ থেকে কোনো এজেন্টকে বের হতে দেওয়া হবে না। এজন্য আইন হচ্ছে।"
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রিয়াজ আহমেদ, বরিশালের উপ-নির্বাচন কমিশনার মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অমল কৃষ্ণ মণ্ডল, সদর উপজেলা চেয়ারম্যান সুলতান আহমেদ মৃধা প্রমুখ।
এরপর নির্বাচন কমিশনার পটুয়াখালী সার্ভার স্টেশনের স্থান পরিদর্শন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এএল/এইচএ/২২২৮ ঘ.
bdnews24