বাগেরহাট, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে যুদ্ধাপরাধী বলায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনসহ দু'জনের বিরুদ্ধে মামলা দায়েরকারীর বাবাকে বৃহস্পতিবার গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
বাগেরহাটের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিম আব্দুস সালাম খানের আদালতে মঙ্গলবার মামলাটি দায়ের করেন মোরেলগঞ্জ উপজেলার পুঁটিখালী গ্রামের জুয়েল মল্লিক। বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আদালত মামলাটি খারিজ করে দিয়েছিলেন।
বৃহস্পতিবার জুয়েল মল্লিকের বাবা দেলোয়ার মল্লিককে (৫০) ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মোরেলগঞ্জ থানার ওসি আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ চিংড়ি পোনা ব্যবসায়ী দেলোয়ারকে দুপুরে তার শ্যালক হাশেম আলীর বাড়ি থেকে আটক করে। এরপর তাকে থানায় জিজ্ঞাসাবাদ শেষে বিকালে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গত ২২ ডিসেম্বর নিজেকে বাগেরহাট জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক দাবি করে জুয়েল মল্লিক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফের বিরুদ্ধে ওই মামলা দায়ের করেন।
একই অভিযোগে স্বরাষ্ট্রমন্ত্রী ও মহিলা সাংসদ শাহিদা তারেক দীপ্তির বিরুদ্ধে বৃহস্পতিবার চট্টগ্রামে পৃথক দুটি মামলা দায়েরের পর তা আমলযোগ্য নয় বলে শুনানির পর খারিজ করে দিয়েছে আদালত। বিএনপি ও যুবদলের দুই নেতা ওই মামলাদুটি দায়ের করেছিলেন।
বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা বিরোধী তৎপরতায় জড়িত ছিলেন বলে ব্যাপক অভিযোগ রয়েছে।
তবে বাগেরহাট জেলা বিএনপির নতুন কমিটির সাধারণ সম্পাদক আলী রেজা বাবু বলেছেন, তাদের দলে এখন জুয়েল মল্লিক নামে খাদ্য ও কৃষি বিষয়ক কোনো সম্পাদক নেই। আগের কমিটিতেও ছিল না।
জুয়েল মল্লিক কয়েক বছর আগে স্থানীয় একটি বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করে। দারিদ্র্যের কারণে লেখাপড়ার ইতি টেনে সে ঢাকায় একটি আসবাবপত্রের দোকানে কাজ নেয়। মামলাটি হওয়ার আগের দিন সে বাড়িতে গিয়েছিল।
দেলোয়ার মল্লিকের ছোট ছেলে কাইয়ুম মল্লিক এ ঘটনার পর থেকে ভয়ে পালিয়ে বেড়াচ্ছে বলে প্রতিবেশীরা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এসকে/২১২৯ঘ.
bdnews24