২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু সম্মেলনে সরকার চরমভাবে ব্যর্থ: বিএনপি

সদ্য সমাপ্ত কোপেনহেগেন জলবায়ু সম্মেলনে জাতীয় স্বার্থ তুলে ধরতে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে প্রধান বিরোধী দল বিএনপি। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2009, 03:08 PM

Updated : 26 Aug 2022, 12:32 PM

ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদ্য সমাপ্ত কোপেনহেগেন জলবায়ু সম্মেলনে জাতীয় স্বার্থ তুলে ধরতে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে প্রধান বিরোধী দল বিএনপি। বৃহস্পতিবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান এ কথা বলেন। সেইসঙ্গে প্রস্তাবিত টিপাইমুখ বাঁধসহ দেশের পরিবেশ-প্রতিবেশের ক্ষেত্রে আঞ্চলিক বৈরী বিষয়গুলোর ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 'নিশ্চুপ' ভূমিকার সমালোচনা করে এব্যাপারে সরকারকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সামনের দিকে এগুনোর আহবানও জানানো হয়। মঈন খান বলেন, "কোপেনহেগেন সম্মেলনের অসাফল্য এবং ওই সম্মেলনে জাতীয় স্বার্থ তুলে ধরতে সরকারের ব্যর্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করছে বিএনপি। কার্বন নিঃসরণ কমানোর ব্যাপারে ধনী দেশগুলোর ওপর আইনগত বাধ্যবাধকতা আরোপের দাবি তুলে ধরতে বাংলাদেশ নেতৃত্ব দিতে পারেনি। এক্ষেত্রে সরকারি প্রতিনিধিদল চরমভাবে ব্যর্থ হয়েছে।'' তিনি অভিযোগ করেন, সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্বদানকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ওই দাবি তুলে ধরার পরিবর্তে শুধুমাত্র অভিযোজন তহবিলের বিষয়টিকে প্রাধান্য দিয়েছেন। তিনি দেশের পরিবেশ-প্রতিবেশের ক্ষেত্রে আঞ্চলিক বৈরীতাগুলো বিশ্বসভায় তুলে ধরতে পারেননি। সাবেক এই মন্ত্রী লিখিত বক্তব্যে বলেন, "ফারাক্কা বাঁধ আজ আমাদের জাতীয় অস্তিত্বের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে। প্রস্তাবিত টিপাইমুখ বাঁধ আরেক মরণ ফাঁদ হয়ে এগিয়ে আসছে। অথচ এসব গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী বিশ্বসভায় একেবারে নিশ্চুপ ছিলেন।'' তিনি জলবায়ু ওই সম্মেলনে সরকারের ব্যর্থতার কারণগুলো উল্লেখ করে বলেন,'' কার্বন নিঃসরণ কমানোর বিষয়ে ধনী দেশগুলোর ওপর চাপ সৃষ্টির জন্য অতি ঝঁকিপূর্ণ দেশগুলোর পক্ষে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার সুযোগ ছিল। কিন্তু সরকারের নিশ্চুপ ভূমিকায় তা হয়ে উঠেনি।'' জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ২০০৫ সালে দেশে ন্যাশনাল অ্যাডাপটেশন প্ল্যান অব অ্যাকশন (ন্যাপা) গঠনের কথা উল্লেখ করে মঈন খান বলেন, "ভবিষ্যতেও পরিস্থিতির আলোকে লাগসই ও টেকসই পরিকল্পনা গ্রহণ করতে আমরা অঙ্গীকারাবদ্ধ। এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত দেশগুলোর কাছে যথাযথ প্রযুক্তি হস্তান্তর করতে আমরা উন্নত বিশ্বের কাছে দাবি জানাচ্ছি।" কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে আগামী বছর মেক্সিকোতে জাতিসংঘ জলবায়ু সম্মেলনে একটি আইনগত বাধ্যবাধকতা সম্পন্ন চুক্তিতে উপনীত হতে সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানান বিএনপি স্থায়ী কমিটির এ সদস্য। কোপেনহেগেন সম্মেলনের আগে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া এ বিষয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপির অবস্থান তুলে ধরে বিশ্বনেতাদের উদ্দেশে বিবৃতি দিয়েছিলেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা শমসের মবিন চৌধুরী ও সাবিহ উদ্দিন আহমেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০৫৬ ঘ.