চট্টগ্রাম, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও মহিলা সাংসদ শাহিদা তারেক দীপ্তির বিরুদ্ধে বৃহস্পতিবার চট্টগ্রামে পৃথক দুটি মামলা দায়েরের পর খারিজ করে দিয়েছে আদালত।
বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে 'কটুক্তির' মধ্য দিয়ে তার মানহানির অভিযোগ এনে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আখতার হোসেনের আদালতে মামলা দুটি করা হয়।
চট্টগ্রাম জেলা পিপি ও রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও মহিলা সাংসদের বিরুদ্ধে করা মামলা দু'টির আরজিতে তা আমলে নেওয়ার জন্য উপযুক্ত উপাদান বিদ্যমান না থাকায় বিচারক শুনানি শেষে বিকালে তা খারিজ করে দেন।"
ফটিকছড়ি উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মোহাম্মদ এমরান (৩৫) এবং একই ইউনিয়নের যুবদল নেতা ফরহাদ হোসেন যথাক্রমে স্বরাষ্ট্রমন্ত্রী ও মহিলা সাংসদের বিরুদ্ধে মামলা দু'টি দায়ের করেন।
বাদিপক্ষের আইনজীবী শফিউল মোর্শেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীর মানহানির চেষ্টার অভিযোগ এনে মন্ত্রী ও মহিলা সাংসদের বিরুদ্ধে পৃথক মামলা দু'টি করা হয়েছিল।
স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে দায়েরকৃত মামলার আরজিতে বাদি উল্লেখ করেন, তিনি গত ১৮ ডিসেম্বর চ্যানেল আইয়ের সংবাদে মন্ত্রীকে 'যুদ্ধাপরাধী রাজাকার সা কা চৌধুরীকে ধরে বিচার করে শাস্তি প্রদান করা হবে' মর্মে বক্তব্য দিতে শুনেছেন। এতে সাংসদের মানহানি ঘটেছে।
বাদি এতে আরো দাবি করেন, "এর মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী পরিকল্পিতভাবে সাংসদকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করেছেন এবং জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টাসহ জীবন বিপন্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন।"
ফটিকছড়ি সংসদীয় এলাকার দায়িত্বপ্রাপ্ত মহিলা সাংসদ শাহিদা তারেক দিপ্তীর বিরুদ্ধে দায়ের করা মামলার আরজিতে বাদি ফরহাদ হোসেন অভিযোগ করেন, ১৯ ডিসেম্বর ফটিকছড়ি উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি 'কুখ্যাত যুদ্ধাপরাধী রাজাকার সালাউদ্দিন কাদের চৌধুরী যাতে ফটিকছড়ির মাটিতে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির সামনে দাঁড়াতে না পারে তার জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে' মর্মে বক্তব্য দিয়ে ওই এলাকার সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীর মানহানি করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসকে/১৯৩৫ঘ.
bdnews24