ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটি কর্পোরেশন নির্বাচনে সাংসদ কিংবা অন্য কোনো জনপ্রতিনিধির অংশ নেওয়ার সুযোগ নেই। আর হলফনামায় অসত্য তথ্য দিলে বাতিল হবে মনোনয়নপত্র।
ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন।
তিনি তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "জাতীয় সংসদের গত অধিবেশনে পাস হওয়া সিটি কর্পোরেশন আইন অনুযায়ী, কেউ নির্বাচিত কোনো পদে থেকে অন্য নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। নির্বাচন করতে হলে পূর্ব পদ থেকে পদত্যাগ করতে হবে।"
আগামী মার্চে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।
হলফনামার বিষয়ে সাখাওয়াত বলেন, "এবার হলফনামায় বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্য দিয়ে কেউ পার পাবে না। কারো হলফনামায় ছোটখাটো ত্র"টি থাকলেও মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হবে।"
সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীর হলফনামা নিয়ে জটিলতার মধ্যেই নির্বাচন কমিশনারের এ বক্তব্য এলো। সালাউদ্দিন কাদেরের সংসদ সদস্যপদ খারিজের আহ্বান জানিয়ে নির্বাচন কমিশন বেশ কিছু দিন হলো স্পিকারের কাছে চিঠি পাঠিয়েছে। কিন্তু তা এখনো ঝুলে আছে।
বিএনপি সালাউদ্দিন কাদেরের দাবি, ইসির ওই এখতিয়ার নেই।
সিটি নির্বাচনের বিষয়ে সাখাওয়াত বলেন, ঋণখেলাপিরা তফসিল ঘোষণার আগের দিন পর্যন্ত ঋণ পুনঃতফসিলিকরণ করে প্রার্থী হতে পারবেন।
প্রার্থী হতে হলে কমিশন নির্ধারিত ফরমে আয়ের উৎস এবং নির্বাচনে কোন খাতে কত টাকা ব্যয় করা হবে- তা জানাতে হবে এবং নির্বাচনের পর খরচের হিসাব কমিশনে জমা দিতে হবে। জামানতের অর্থ এখন নগদ না দিয়ে ব্যাংক ড্রাফট কিংবা ট্রেজারি চালানের মাধ্যমে জমা নেওয়া হবে।
"এমনকি তফসিল ঘোষণার আগে যারা পোস্টার সাঁটিয়েছেন, সিটি কর্পোরেশন নির্বাচনে তারা প্রার্থী হলে এ খরচও নির্বাচনী ব্যয়ের সঙ্গে যুক্ত হবে", বলেন তিনি।
সাখাওয়াত জানান, নির্বাচনের সময় দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মাইক ব্যবহার করে প্রচার চালানো যাবে। মেয়র প্রার্থীরা প্রতি থানায় একটি করে নির্বাচনী ক্যাম্প এবং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীরা মোট দুটি ক্যাম্প স্থাপন করতে পারবেন। বেসরকারি টিভি চ্যানেল ব্যবহার করে কোনো প্রার্থী ব্যক্তিগত প্রচার কাজ চালাতে পারবেন না।
আগামী জানুয়ারির মধ্যে নির্বাচনী বিধিমালা ও আচরণ বিধিমালা চূড়ান্ত করে ফেব্র"য়ারিতে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে ইসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৮৫০ ঘ.
bdnews24