ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর পলাশে মঙ্গলবার প্রশাসনের মদদে আওয়ামী লীগ নেতা-কর্মীরা মঈন খানের সভা পণ্ড করেছে দাবি করে বিএনপি বলেছে, সেখানে রাষ্ট্রীয় সন্ত্রাস চালানো হয়।
পলাশে স্থানীয় বিএনপি আয়োজিত মঈন খানের সংবর্ধনা সভার সময় স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ সভা ডাকলে প্রশাসন ১৪৪ ধারা জারি করে। এরপর বিএনপি সভা করতে চাইলে পুলিশ বাধা দিলে সংঘর্ষ বাধে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন বুধবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, প্রশাসনের ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতা-কর্মীরা সভামঞ্চ ভেঙ্গে ফেলে এবং স্থানীয় বিএনপি কার্যালয় হামলা চালিয়ে টিভিসহ আসবাপত্র ভাংচুর এবং কাগজপত্র লুটপাট করে।
সাবেক মন্ত্রী মঈন খান বলেন, "আওয়ামী লীগ রাজনৈতিকভাবে বিএনপিকে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে প্রশাসনের সহযোগিতায় পলাশে ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে।
"আমি দীর্ঘ ১৬ নরসিংদীর পলাশ নির্বাচনী এলাকার সাংসদ। অতীতে এ রকম রাজনৈতিক সংঘাত কখনো ঘটেনি।"
মঈন 'হামলাকারী' আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিচার এবং এর পাশাপাশি প্রশাসনের কর্মকর্তাদের অপসারণ দাবি করেন।
সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "পলাশে আওয়ামী লীগ যা ঘটিয়েছে, তা গণতান্ত্রিক দেশে কল্পনাতীত। এটা রাষ্ট্রীয় সন্ত্রাস।"
ওই ঘটনায় দলের ৪০ জন নেতা-কর্মী আহত হয়েছে দাবি করে তিনি বলেন, "এখন তাদের বিরুদ্ধে উল্টো মামলা দেওয়ার পাঁয়তারা চলছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪১২ ঘ.
bdnews24