২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সরকার তারেকের জনপ্রিয়তার ভয়ে অপপ্রচারে নেমেছে'

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জনপ্রিয়তার ভয়ে সরকার তার বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2009, 04:04 AM

Updated : 26 Aug 2022, 12:31 PM

ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জনপ্রিয়তার ভয়ে সরকার তার বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মঙ্গলবার রাজধানীর নয়া পল্টনে মহানগর বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "সরকারি দল তারেক রহমানের বিরুদ্ধে নতুন করে মামলা দিচ্ছে। এসব দিয়ে জিয়া পরিবারকে শেষ করা যাবে না।" সংবাদ সম্মেলনে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলা দায়ের ও এক সাংবাদিকের ওপর হামলারও নিন্দা জানানো হয়। গত ৬ ডিসেম্বর দলের কাউন্সিলে তারেক রহমানের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার প্রসঙ্গ টেনে আব্বাস বলেন, "আমাদের কাউন্সিলররা তারেক রহমানকে নেতা নির্বাচিত করেছেন। অন্য কোনো প্রক্রিয়ায় তিনি নেতা হননি। এতে আওয়ামী লীগের এতো জ্বালা কেনো?" এ সময় তিনি সরকারকে বিরোধী দলের ওপর দমন-পীড়ন চালানোর পথ পরিহার করে দেশের মানুষের কল্যাণে কাজ করার আহবান জানান। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলু, যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/এএনএস/এইচএ/২৩৫৫ ঘ.