নরসিংদী, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর পলাশে মঙ্গলবার ১৪৪ ধারা ভঙ্গ করে বিএনপি সমাবেশের চেষ্টা চালালে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। এতে পুলিশসহ অর্ধ শতাধিক আহত হয়েছে।
উপজেলা সদরের পারুলিয়া মাঠে একই সময়ে বিএনপি ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সমাবেশ করতে চাওয়ায় প্রশাসন ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে।
সকাল ১০টায় বিএনপি নেতা-কর্মীরা পারুলিয়া মাঠে সভা করতে জড়ো হলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। তাদের প্যান্ডেলও ভেঙ্গে দেয়।
এরপর দুপুর ১২টার দিকে বিএনপিকর্মীরা পারুলিয়া বাজারে ব্যাপক ভাংচুর করে বলে পুলিশ জানায়।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, "বিএনপি নেতা-কর্মীরা পারুলিয়া বাজারে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। তখন পুলিশও কাঁদানে গ্যাস ছুড়ে ও লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।"
সংঘেের্ষ অর্ধশতাধিক আহত হয়েছে বলে পুলিশ জানায়।
পুলিশ কর্মকর্তা জাহিদ জানান, আহতদের মধ্যে পলাশ থানার ওসি আতিকুল ইসলাম খানসহ চার পুলিশ সদস্য রয়েছেন।
আহত ছাত্রদল নেতা এম এ বাছেদকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। বাকিদের পরিচয় পাওয়া যায়নি।
তবে বিকাল নাগাদ পরিস্থিতি শান্ত হয়ে আসে বলে জাহিদ জানান।
ওসি আতিকুর রহমান সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একই স্থানে একই সময়ে দুটি দল সভা ডাকায় পরিস্থিতির অবনতি এড়াতে উপজেলা প্রশাসন পারুলিয়া মাঠ ও এর আশপাশের এলাকায় বিকাল পর্যন্ত ১৪৪ ধারা জারি করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমইউএস/এমআই/১৯০০ ঘ.
bdnews24