২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'শান্তির জন্য ভূমি নিষ্পত্তি জরুরি'

পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের জন্য অগ্রাধিকারভিত্তিতে ভূমি বিরোধ ইস্যুর নিষ্পত্তি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাপানের সাংসদ নাওতো সাকাগুচি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2009, 02:50 PM

Updated : 26 Aug 2022, 12:31 PM

ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের জন্য অগ্রাধিকারভিত্তিতে ভূমি বিরোধ ইস্যুর নিষ্পত্তি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাপানের সাংসদ নাওতো সাকাগুচি। পার্বত্য চট্টগ্রামে তিনদিনের সফর শেষে সোমবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "মানবাধিকারের সঙ্গে সম্পর্কিত এবং বসতি স্থাপনকারী ও আদিবাসী জনগণের সহাবস্থানের জন্য গুরুত্বপূর্ণ হওয়ায় প্রথম অগ্রাধিকার নিশ্চিতভাবেই ভূমি ইস্যু।" জাপানের প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য সাকাগুচি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের পরিস্থিতি দেখতে বাংলাদেশ সফর করছেন। "পার্বত্য চট্টগ্রামে কী ঘটছে জাপানিদের তা জানানোর জন্য আমি এখানে এসেছি," বলেন তিনি। সাকাগুচি বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে স্থিতিশীলতা আনতে জাপান সরকার বাংলাদেশকে সব ধরনের সমর্থন দেবে বলে তিনি মনে করেন। "আর আমি জাপান সরকারকে তা দেওয়ার জন্য চেষ্টা চালাবো," বলেন তিনি। সফরের অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে সাকাগুচি বলেন, তিনি দেখতে পেয়েছেন যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের জমির সর্বোৎকৃষ্ট ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। জাপানের ডেমোক্র্যাটিক পার্টির এই সাংসদ বলেন, পাব্যর্তাঞ্চলে বসতি স্থাপনকারী ও আদিবাসীদের সহাবস্থানের জন্য ভূমি ইস্যুর নিষ্পত্তি খুবই গুরুত্বপূর্ণ। পার্বত্যাঞ্চলে আরো অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রয়োজনীয়তার বিষয়ে তিনি বলেন, 'জমি সীমিত হওয়ায়' শুধু কৃষি বেঁচে থাকার জন্য যথেষ্ট নয়। "টেকসই উন্নয়নের জন্য সেখানে কৃষির বাইরে শিল্প-কারখানা প্রয়োজন।" পার্ব্যতাঞ্চলে পর্যটন একটি ভাল খাত হিসাবে গড়ে উঠতে পারে বলে মনে করেন সাকাগুচি। "পর্যটকেরা দুটি ভিন্ন সংস্কৃতির সহাবস্থান দেখবে। আর প্রাকৃতিক সৌন্দর্য্যরে পাশাপাশি তা-ই হচ্ছে পর্যটন শিল্পের লক্ষ্য।" ভিয়েতনামে এ ধরনের পর্যটন শিল্প সফলভাবে চলছে বলে তিনি জানান। সাকাগুচি বলেন, "ওই পথে সরকার আদিবাসী জনগণের অধিকার, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায়ও আগ্রহী হবে উঠবে।" "তবে সব কিছুর আগে ভূমি ইস্যুর সমাধান হতে হবে," আবারো বলেন জাপানের এই সাংসদ। তিনি জানান, জাপান পাবর্ত্য শান্তি চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া পর্যবেক্ষণ করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এজে/২০৪৯ ঘ.