২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সদস্য সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছে জেএমবি: র‌্যাব

আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির মধ্যেও সদস্য ও তহবিল সংগ্রহ অব্যাহত রয়েছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গিদল জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2009, 04:18 PM

Updated : 26 Aug 2022, 12:30 PM

ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির মধ্যেও সদস্য ও তহবিল সংগ্রহ অব্যাহত রয়েছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গিদল জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর। রোববার সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে র‌্যাব এর মহাপরিচালক কর্নেল মিজানুর রহমান খান একথা জানান। কর্নেল মিজানুর বলেন, "এই মুহূর্তে তাদের বড় কোনো নাশকতার ক্ষমতা নেই। তবে তারা দাওয়াতী কার্যক্রমের মাধ্যমে সদস্য বৃদ্ধি ও চাঁদা সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছে।" তবে জেএমবির সাংগঠনিক কমান্ড ভেঙে পড়েছে দাবি করে তিনি আরো বলেন, "তাদের কার্যক্রম প্রায় স্থবির।" পাঁচ জেএমবি জঙ্গি গ্রেপ্তারের ঘটনা প্রকাশ করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। শনিবার রাতভর অভিযান চালিয়ে ময়মনসিংহ, ঝিনাইদহ ও নরসিংদী থেকে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এরা হলেন- 'এহসার' সদস্য হরমুজ আলী ওরফে আজগর আলী (৫৮), মো. ইউসুফ (২৩), 'গায়েরে এহসার' সদস্য আবু রায়হান বিন সাদেক (২৮), মো. হুসাইন (৩৫) ও কাওসার জিন্নুরাইন ওরফে লাল্টু (২৮)। 'এহসার' ও 'গায়েরে এহসার' জেএমবির মাঝারি ও নিু মাঝারি স্তরের সাংগঠনিক পদবী। তাদের কাছ থেকে জেহাদি বই, সিডি, তিনটি রামদা ও বেশ কিছু বোমা তৈরির রাসায়নিক দ্রব্য উদ্ধার করা হয়েছে। র‌্যাব জানায়, আজগর আলী ময়মনসিংহের মুক্তাগাছার দুল্লা ইউপি চেয়ারম্যান এনাম হত্যার সঙ্গে জড়িত ছিলেন। এনাম হত্যার ঘটনায় এর আগেও দু' দফায় জেএমবির চার সদস্য গ্রেপ্তার হয়েছে। শনিবার গ্রেপ্তার ইউসুফের বড়ভাই হানিফ মুন্সী ২০০৬ সালে র‌্যাবের হাতে গ্রেপ্তার হন। ৭৮ বছর সাজাপ্রাপ্ত হয়ে তিনি বর্তমানে কাশিমপুর কারাগারে শাস্তি ভোগ করছেন। প্রায়ই জেএমবির সদস্যরা গ্রেপ্তার হচ্ছে তবুও র‌্যাব কেন নিষিদ্ধ এ সংগঠনটির কার্যক্রম স্থবির বলছে- এর জবাবে মিজানুর বলেন, "গত এক বছরের দিকে তাকালে তাদের কোনো কার্যক্রম দেখা যায় না। আইন-শৃঙ্খলা বাহিনীর ক্রমাগত অভিযানে তারা বিপর্যস্ত হয়ে পড়েছে।" জেএমবির আত্মঘাতী স্কোয়াডের কোনো অস্তিত্ব নেই বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা। সংগঠনের বর্তমান প্রধান মাওলানা সাইদুর রহমানের অবস্থান সম্পর্কে কর্নেল মিজানুর রহমান বলেন, "সে (সাইদুর) ক্রমাগত অবস্থান পরিবর্তন করে চলেছে। তবে র‌্যাবও তাকে ধরতে কাজ করে যাচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএল/এসকে/২২১০ঘ.