ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সহযোগী সংগঠনের তালিকা থেকে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্ব্বাচিপ)- এর নাম বাদ দিয়ে নির্বাচন কমিশনে (ইসি) সংশোধিত গঠনতন্ত্র জমা দিয়েছে আওয়ামী লীগ।
রোববার দুপুরে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদার কাছে এটি জমা দেন।
প্রতিনিধি দলে ছিলেন উপ দপ্তর সম্পাদক মৃনাল কান্তি দাস,সহকারী দপ্তর সম্পাদক রিয়াজুল কবির কাওসার এবং কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম।
আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সহযোগী সংগঠন হিসেবে স্বাধীনতা চিকিৎসক পরিষদকে (স্ব্বাচিপ) বাদ দেওয়া হয়েছে। এখন থেকে এটি স্বতন্ত্র সংগঠন হিসেবে থাকবে।
গত ১২ ডিসেম্বর এ সিদ্ধান্তের অনুমোদন দেওয়া হয় বলেও জানান তিনি।
২৪ জুলাই আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে দলের সভানেত্রী শেখ হাসিনাকে দলের গঠনতন্ত্র সংশোধনের ক্ষমতা দেওয়া হয়। হাসিনা দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে দলীয় গঠনতন্ত্র সংশোধন করেন।
তবে এরপরও গঠনতন্ত্রের সঙ্গে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) অসঙ্গতি রয়েছে জানিয়ে ইসি ২২ নভেম্বর আওয়ামী লীগকে একটি চিঠি দেয়। এর ভিত্তিতে এ সংশোধনীর উদ্যোগ নেওয়া হয়।
সংশোধনী অনুযায়ী বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, বাংলাদেশ কৃষক লীগ, বাংলাদেশ আওয়ামী যুব লীগ, আওয়ামী স্বেছাসেবক লীগ, আওয়ামী আইনজীবী পরিষদ, বাংলাদেশ তাঁতী লীগ ও বাংলাদেশ যুব মহিলা লীগ এখন থেকে আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে থাকবে।
আর জাতীয় শ্রমিক লীগ ও বাংলাদেশ ছাত্রলীগ তাদের স্ব স্ব সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হবে। একই সঙ্গে আওয়ামী লীগের আদর্শে বিশ^াসী বিভিন্ন দেশে স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাসরত প্রবাসী বাঙালী জনগোষ্ঠী সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী সংগঠন করতে পারবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/এসকে/২১১০ঘ.