গোপালগঞ্জে খেলা নিয়ে দ্বন্দ্ব: স্কুলছাত্রকে ‘হাতুড়ি পেটা’, থানায় অভিযোগ
এ ঘটনায় আহত ছাত্রের বাবা টুঙ্গিপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফুটখেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণীর এক ছাত্রকে হাতুড়ি পেটা করার অভিযোগ উঠেছে তার স্কুলের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে।
মঙ্গলবার বিকালে কাজিরপোল ব্রিজে এ ঘটনা ঘটে বলে টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী জানিয়েছেন।
আহত আরাফাত ইসলাম নয়ন টুঙ্গিপাড়ার বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র। সে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
আহত নয়নের পিতা খালিদ শেখ বলেন, “কয়েকমাস আগে এসএসসি পরিক্ষার্থী ও দশম শ্রেণীর নতুন ছাত্রদের মধ্যে ফুটবল খেলা নিয়ে দুপক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে। পরে স্থানীয় মুরব্বি ও বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা করা হয়।
“কিন্তু সেই ঘটনার জের ধরে মঙ্গলবার বিকেলে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের কয়েকজন আমার ছেলে নয়নকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় তার কাছে থাকা একটি মোবাইল ফোনও নিয়ে যায় তারা। পরে স্থানীয়রা উদ্ধার করে আমার ছেলেকে হাসপাতালে ভর্তি করে।”
এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
এ ঘটনায় আহত নয়নের পিতা খালিদ শেখ বুধবার রাতে টুঙ্গিপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি আইয়ুব আলী জানিয়েছেন।
