২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'তারেকের বিরুদ্ধে অপপ্রচার চলছে'

তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চলছে অভিযোগ করে তা বন্ধের আহ্বান জানিয়ে শুক্রবার সংবাদ সম্মেলন করেছেন ডাকসু ও ছাত্রদলের একদল সাবেক নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2009, 09:38 AM

Updated : 26 Aug 2022, 12:30 PM

ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চলছে অভিযোগ করে তা বন্ধের আহ্বান জানিয়ে শুক্রবার সংবাদ সম্মেলন করেছেন ডাকসু ও ছাত্রদলের একদল সাবেক নেতা। জাতীয় প্রেসক্লাবে ওই সম্মেলনে সরকারের বিরুদ্ধে দেশবাসীকে আন্দোলনে প্রস্তুত হওয়ার আহ্বানও জানানো হয়। সম্মেলনে ডাকসুর সাবেক ভিপি ও ছাত্রদলের সাবেক সভাপতি আমানউল্লাহ আমান বলেন, "১/১১-এ কতিপয় উচ্চাভিলাষী সেনা কর্মকর্তার পৃষ্ঠপোষকতায় একটি পুতুল সরকার গঠিত হওয়ার পর তারেক রহমানসহ জিয়া পরিবারের বিরুদ্ধে তারা (আওয়ামী লীগ) তত্ত্বাবধায়ক সরকারের মতোই মিথ্যাচার করছে।" গত ৮ ডিসেম্বর বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলে খালেদা জিয়ার বড় ছেলে তারেক দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তারেকে দুর্নীতিগ্রস্ত দাবি করে এর প্রতিক্রিয়ায় হতাশা প্রকাশ করে আওয়ামী লীগ। বিএনপির যুগ্মমহাসচিব আমান বলেন, "তত্ত্বাবধায়ক সরকার আমলে তারেকের বিরুদ্ধে ১৩টি মিথ্যা ও বানোয়াট মামলা দেওয়া হয়। তারেক দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হওয়ার পর নতুন করে তার বিরুদ্ধে বিষোদগার শুরু হয়েছে। "অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলের নামে দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ পত্রিকায় প্রকাশ হওয়ার পর ওই পত্রিকার কর্তৃপক্ষকে শাসিয়ে দেওয়া হয়েছে।" সরকার দেশের স্বার্থ পরিপন্থী কাজ করছে অভিযোগ করে আমান বলেন, "দেশবিরোধী যে কোনো চুক্তি বা পদক্ষেপ রুখে দিতে হবে। টিপাইমুখ বাঁধ নির্মাণ, এশিয়ান হাইওয়ের নামে করিডোর প্রদান, তেল-গ্যাস-কয়লা রপ্তানির নামে দেশকে বঞ্চিত করা, বন্দর রক্ষা ও সমুদ্র সীমার অধিকার রক্ষার দায়িত্ব জাতীয়তাবাদী দলকেই নিতে হবে।" সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন '৯০ এর ছাত্রনেতা শামসুজ্জামান দুদু, হাবিবুর রহমান হাবিব, মোস্তাফিজুর রহমান বাবুল, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, নাজিমউদ্দিন আলম প্রমুখ। '৯০ পরবর্তী সময়ের ছাত্রদল নেতাদের মধ্যে ছিলেন রিজভী আহমেদ, ইলিয়াস আলী, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সাহাবুদ্দিন লাল্টু, আজিজুল বারী হেলাল, শামুজ্জামান মেহেদি প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমইউএস/এমআই/১৫২৫ ঘ.