২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনসভা ইসির উদ্যোগে করার পরিকল্পনা

আগামী ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) নির্বাচনে মেয়র প্রার্থীদের একমঞ্চে আনার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2009, 11:37 AM

Updated : 26 Aug 2022, 12:28 PM

ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) নির্বাচনে মেয়র প্রার্থীদের একমঞ্চে আনার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। তা বাস্তবায়িত হলে মেয়র প্রার্থীরা আলাদা জনসভা করতে পারবেন না। ইসির আয়োজনে অনুষ্ঠিত জনসভায় তাদের সবাইকে উপস্থিত হয়ে ভোট চাইতে হবে। প্রার্থীদের নির্বাচনী ব্যয় কমিয়ে আনার লক্ষ্যেই এ পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। তিনি বৃহস্পতিবার আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "ইসির উদ্যোগে শুধু মেয়র প্রার্থীদের নিয়ে চারটি পাবলিক মিটিং করার পরিকল্পনা রয়েছে। এটা চূড়ান্ত হলে প্রার্থীরা নিজ উদ্যোগে কোনো জনসভা করতে পারবেন না।" তবে পথসভা করার সুযোগ থাকবে বলে সাখাওয়াত জানান। তিনি বলেন, "এ সভা আয়োজনে অর্ধ কোটির টাকারও বেশি ব্যয় হতে পারে। এ উদ্যোগ সফল হলে সংসদ নির্বাচনে 'স্টেট ফান্ডিং' করার পথে এটি হবে একধাপ অগ্রগতি।" নির্বাচনে টাকার ছড়াছড়ি এড়াতে সিপিবিসহ কয়েকটি দল রাষ্ট্রীয় উদ্যোগে প্রার্থীদের প্রচারের ব্যবস্থা করার দাবি জানিয়ে আসছিলো। বিভিন্ন মতের প্রার্থীর এক মঞ্চে আনা হলে নিরাপত্তাজনিত সমস্যা হবে না বলে মনে করেন সাখাওয়াত। সিটি কর্পোরেশন নির্বাচন নির্দলীয় হওয়ায় এসব জনসভায় দলীয় সমর্থকরা কোনো ধরনের 'অহেতুক ঝামেলায়' জড়াবে না বলেও আশা করছেন তিনি। দুই বছর আগে মেয়াদোত্তীর্ণ ডিসিসি'র নির্বাচন আগামী মার্চে হওয়ার কথা রয়েছে। মহানগরীতে ৯০টি ওয়ার্ডে ভোটার রয়েছে প্রায় ৪০ লাখ। আসন্ন নির্বাচনকে সামনে রেখে ঢাকা মহানগরীর যত্রতত্র ঈদের শুভেচ্ছা সম্বলিত প্রচারণামূলক পোস্টার সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার সাখাওয়াত। তিনি বলেন, "নির্বাচনী আইন অনুযায়ী এ ধরনের কার্যক্রম অবৈধ। তফসিল ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে এ সব সরিয়ে না ফেললে প্রার্থিতা বাতিলের মতো শাস্তির বিধান রয়েছে। তবে এখন প্রেস অ্যান্ড পাবলিকেশন আইন অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র সচিব ও ডিসিসি মেয়রকে চিঠি দেওয়া হচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৭৩০ ঘ.