ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালত অবমাননার অভিযোগে হাজিরা থেকে অব্যাহতি পেয়েছেন স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার।
সরকারের আবেদনে বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও বিচারপতি মো. রইস উদ্দিনের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার স্বরাষ্ট্র সচিবকে হাজিরা থেকে অব্যাহতি দেয়।
আদালতে স্বরাষ্ট্র সচিবের পক্ষে আবেদন করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর এক আবেদনে হাইকোর্টের এ বেঞ্চ স্বরাষ্ট্র সচিব ছাড়াও কারা মহাপরিদর্শক, ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষক এবং ঢাকার জেলা প্রশাসককে রোববার আদালতে হাজির হতে নির্দেশ দেয়।
বিএনপি নেতা পিন্টুর অভিযোগ, আদালতের নির্দেশনা অনুযায়ী কারাগারে তার চিকিৎসার বন্দোবস্ত করা হয়নি।
এ কারণে স্বরাষ্ট্র সচিব, কারা মহাপরিদর্শক, ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষক এবং ঢাকার জেলা প্রশাসকের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, তার কারণ জানতে চেয়ে বুধবার রুল জারি করে হাইকোর্ট।
২১ আগস্ট গ্রেনেড মামলায় গ্রেপ্তার পিন্টুকে গত ১৩ অক্টোবর কারাগারের বাইরে বিশেষ চিকিৎসার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। পরে ২৪ নভেম্বর আদালত কারাগারের ভেতরেই বিশেষায়িত চিকিৎসক দিয়ে চিকিৎসার নির্দেশ দেয়।
দুটি আদেশ মানা হয়নি অভিযোগ করে পিন্টু ৭ ডিসেম্বর আদালত অবমাননার আবেদন করেন।
২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা মামলায় ২০০৮ সালের ১৭ জানুয়ারি পিন্টুকে গ্রেপ্তার করা হয়। তারপর কয়েক দফায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেয় পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এমআই/১৬১৬ ঘ.
bdnews24